এইচএসসি পরীক্ষার্থীদের অবরোধে অচল চট্টগ্রামের দুই সড়ক


ঢাকায় কর্মসূচিতে হামলা ও ছয় দফা দাবি না মানার প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে এবার চট্টগ্রামে সড়ক অবরোধ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা।

আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে নগরের ২ নম্বর গেট এলাকায় এই সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

এতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায় নগরের ব্যস্ততম সিডিএ অ্যাভিনিউ সড়ক ও বায়েজিদ বোস্তামী সড়কে দীর্ঘ যানজট দেখা দিয়েছে।

এর আগে একই দাবিতে আজ বেলা আড়াইটার দিকে ২ নম্বর গেট এলাকার সড়কের একাংশে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, গত মঙ্গলবার তারা ছয় দফা দাবিতে আন্দোলন করলেও তা মানা হয়নি।

উল্টো ঢাকায় তাদের কর্মসূচিতে হামলা করা হয়েছে বলে তারা অভিযোগ করেন।

তাই বাধ্য হয়ে তারা এখন শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলন করছেন এবং দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন।

বিকেল পৌনে পাঁচটার দিকে সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীরা সড়কের মাঝখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।

কেউ সড়কে দাঁড়িয়ে, আবার কেউ বসে স্লোগান দিচ্ছেন, যার ফলে দুটি সড়কেই যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে পড়েছে।

এর আগে গত মঙ্গলবারও বেলা ১১টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত দুই দফায় প্রায় সাড়ে চার ঘণ্টা সড়ক অবরোধ করেন এইচএসসি পরীক্ষার্থীরা।

বিক্ষোভের একপর্যায়ে শিক্ষার্থীরা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের একটি গেট খুলে সড়কে ফেলে দিলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পরে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তারা সেদিনের কর্মসূচি শেষ করেন।

ওইদিন পরীক্ষার্থীদের পক্ষ থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়।

তাদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে প্রশ্নপত্রের মান নিশ্চিত করা এবং ত্রুটিপূর্ণ প্রশ্ন প্রণয়নকারীদের জবাবদিহির আওতায় আনা।

এছাড়া উত্তরপত্র ন্যায্যভাবে মূল্যায়ন, দুর্যোগের কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ এবং নতুন পরীক্ষার রুটিন প্রণয়নের দাবিও জানানো হয়।

এদিকে চট্টগ্রাম শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের আগের দিনের দাবিগুলো শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।