মিরসরাইয়ে স্কুলশিক্ষকের বাসায় দিনেদুপুরে চুরি, স্বর্ণালংকার লুট


চট্টগ্রামের মিরসরাইয়ে দিনেদুপুরে এক স্কুলশিক্ষকের বাসার তালা ভেঙে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুটের ঘটনা ঘটেছে।

বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টার মধ্যে মিরসরাই পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড এলাকায় এই দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।

চুরি হওয়া বাসাটি পৌরসদরের কলেজ রোডের বিপরীত পাশে অবস্থিত জসিম উদ্দিন ভবনে।

ওই বাসার বাসিন্দা হামিদা সুলতানা খৈয়াছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক।

ভুক্তভোগী হামিদা সুলতানা জানান, বুধবার সকালে তিনি মেয়েকে বাসায় রেখে স্কুলে যান।

পরে সকাল সাড়ে ৯টার দিকে তার মেয়েও স্কুলে চলে গেলে বাসাটি ফাঁকা হয়ে যায়।

দুপুর দেড়টার দিকে স্কুল থেকে ফিরে এসে তিনি ঘরের মূল ফটকের তালা ভাঙা দেখতে পান।

ভেতরে প্রবেশ করে তিনি দেখতে পান ঘরের আসবাবপত্র ও কাপড়চোপড় এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে।

চোরের দল ড্রয়ারের তালা ভেঙে প্রায় ৬ ভরি স্বর্ণালংকার, নগদ ৪০ হাজার টাকা এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে।

অনেক কষ্টে অল্প অল্প করে কেনা সব স্বর্ণালংকার এভাবে চুরি হয়ে যাবে, তা তিনি চিন্তাও করতে পারেননি বলে আক্ষেপ করেন এই শিক্ষক।

এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, চুরির ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, চোর চক্রকে শনাক্ত ও গ্রেপ্তারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তবে এই ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।