
প্রতিবেশী এক প্রবাসীর সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে চট্টগ্রামের ফটিকছড়িতে হেলমেট ও মুখোশ পরা একদল সশস্ত্র দুর্বৃত্ত আরেক প্রবাসীর বাড়িতে হামলা চালিয়েছে।
বুধবার ভোরে উপজেলার সমিতিরহাট ইউনিয়নের সাদেক নগর গ্রামে সংযুক্ত আরব আমিরাত বা দুবাই প্রবাসী মুহাম্মদ রিদওয়ানের বাড়িতে এই দুর্ধর্ষ হামলার ঘটনা ঘটে।
ইলেকট্রনিক যন্ত্র দিয়ে দরজা-জানালা কেটে ২০ থেকে ২৫ জন অস্ত্রধারী বাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়।
এ সময় ঘরে থাকা প্রবাসীর মা ও স্ত্রীকে অবরুদ্ধ করে রাখা হলে তারা কৌশলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে।
ভুক্তভোগীদের অভিযোগ, বাড়িতে শুধু নারী সদস্যরাই ছিলেন এবং দুর্বৃত্তরা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে।
ভোর পাঁচটার দিকে হামলার আগে হামলাকারীরা আশপাশের অন্য সব ঘর বাইরে থেকে তালাবদ্ধ করে দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
এদিকে হেলমেট ও মাস্ক পরা ধারালো অস্ত্রধারীদের বাড়ি ভাঙচুরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
প্রবাসী মুহাম্মদ রিদওয়ানের মা রেনু আকতার জানান, অস্ত্রধারীরা এসেই তাদের মোবাইল ফোন কেড়ে নেয়।
পরে তিনি ও রিদওয়ানের স্ত্রী নীলা আক্তার একটি কক্ষে গিয়ে দরজা বন্ধ করে বসে ছিলেন এবং পরবর্তীতে পুলিশ এসে তাদের উদ্ধার করে।
রিদওয়ানের বোন রেশমি আকতার অভিযোগ করেন, প্রতিবেশী এক সংযুক্ত আরব আমিরাত প্রবাসীর সঙ্গে তাদের জমি নিয়ে বিরোধ চলছে।
ওই প্রবাসীই ভাড়াটে সন্ত্রাসী দিয়ে এই হামলা চালিয়েছে বলে তিনি দাবি করেন।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, প্রতিবেশী কয়েকটি পরিবারের সঙ্গে ওই পরিবারের জমি নিয়ে বিরোধ রয়েছে এবং এর জের ধরেই হামলার ঘটনাটি ঘটেছে।
খবর পেয়ে পুলিশ ভোরে অবরুদ্ধ পরিবারটিকে উদ্ধার করলেও এর আগেই হামলাকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তবে জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
