চার বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না এনামের


কক্সবাজারের মহেশখালীতে আলোচিত রহমত উল্লাহ হত্যা মামলার প্রধান আসামি মো. এনামকে চার বছর পর চট্টগ্রামের হাটহাজারী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বুধবার (১৫ জুলাই) দুপুরে হাটহাজারী উপজেলার পশ্চিম ধলই এলাকার মাহাবুব মিয়ার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

৩৫ বছর বয়সী গ্রেপ্তার এনাম মহেশখালী থানার রাজুয়ারঘোনা এলাকার আবু তাহেরের ছেলে।

র‍্যাব সূত্র জানায়, ২০২০ সালের ১৯ মে মহেশখালী থানায় রহমত উল্লাহ হত্যাকাণ্ডের ঘটনায় এনামকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়।

ওই মামলা দায়েরের পর থেকেই সে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে র‍্যাব-১৫ কক্সবাজার এবং র‍্যাব-৭ চট্টগ্রাম যৌথ অভিযান পরিচালনা করে।

এই যৌথ অভিযানে পশ্চিম ধলই এলাকার মাহাবুব মিয়ার বাড়িতে আত্মগোপনে থাকা পলাতক আসামি এনামকে গ্রেপ্তার করা হয়।

পরে গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার জেলার চকরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

র‍্যাবের সহকারী পরিচালক ও সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।