জামায়াতের জোট ছেড়ে কওমি দলগুলোর নতুন ঐক্যের গুঞ্জন


জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে বেরিয়ে কওমি ধারার রাজনৈতিক দলগুলোর বৃহত্তর ঐক্যের আভাস মিলেছে চট্টগ্রামের ফটিকছড়িতে অনুষ্ঠিত এক শীর্ষ বৈঠক থেকে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ফটিকছড়ি উপজেলার বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আহ্বানে কওমি ধারার সাতটি ইসলামি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক-সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, সাতটি দলের মধ্যে বৃহত্তর ঐক্য প্রতিষ্ঠার বিষয়ে নীতিগতভাবে ইতিবাচক আলোচনা হয়েছে।

তবে ঐক্যের কাঠামো ও রূপরেখা নিয়ে আরও আলোচনা করে পরবর্তী সময়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

বৈঠকে জামায়াতে ইসলামীর জোট থেকে কয়েকটি কওমি ঘরানার দলকে বের করে বৃহত্তর ইসলামি ঐক্যে সম্পৃক্ত করার বিষয়টিও গুরুত্বের সঙ্গে আলোচনায় আসে।

এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা লিখিত ঘোষণা না এলেও রূপরেখা চূড়ান্ত হওয়ার আগে এই সাত দলের ঐক্যকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে।

বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ইসলামি দলগুলোর পারস্পরিক সমন্বয় ও জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

পাশাপাশি চলমান বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা করে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন নেতারা।

বৈঠকে আমন্ত্রণ পাওয়া সাতটি দল হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

এছাড়াও খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট এবং নেজামে ইসলাম পার্টির নেতারা এই বৈঠকে অংশ নেন।

বৈঠক শেষে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি সাজিদুর রহমান এক ভিডিও বার্তায় জানান, জাতীয় স্বার্থ ও মানবিক দায়িত্ব পালনের বিষয়গুলোকে সামনে রেখেই আলোচনা হয়েছে।

তিনি দেশের বন্যাদুর্গত মানুষের পাশে সম্মিলিতভাবে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চলতি বছরের শুরু থেকেই ইসলামি দলগুলোর মধ্যে বৃহত্তর ঐক্যের প্রশ্নে আলোচনা চলছিল।

এর আগে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের বৈঠকেও বিষয়টি আলোচনায় আসে।

বৃহস্পতিবারের বৈঠকে শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, মুফতি সাজিদুর রহমান এবং মাওলানা মামুনুল হক উপস্থিত ছিলেন।

এছাড়া সিনিয়র নায়েবে আমির মুফতি খলিল আহমদ কাসেমী, নায়েবে আমির মাওলানা জসিম উদ্দিন এবং মাওলানা সালাহউদ্দীন নানুপুরী অংশ নেন।

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা মাহফুজুল হক, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক এবং নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী উপস্থিত ছিলেন।

পাশাপাশি খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী এবং খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমীসহ বিভিন্ন দলের শীর্ষ নেতারা এই বৈঠকে অংশ নেন।