নানার বাড়িতে নিখোঁজ শিশুর লাশ মিলল পরিত্যক্ত ডোবায়


চট্টগ্রামের হাটহাজারীতে নানার বাড়িতে বেড়াতে গিয়ে নিখোঁজ হওয়ার একদিন পর পরিত্যক্ত ডোবা থেকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা দশটার দিকে উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকা থেকে লাশটি উদ্ধার করেন ফায়ার সার্ভিসকর্মীরা।

নিহত ছয় বছর বয়সী ওই শিশুর নাম মোহাম্মদ সাঈদ।

সে ওই একই এলাকার বাসিন্দা মো. আবদুর রহিমের ছেলে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গত বুধবার বিকেলের দিকে পিতা-মাতাসহ নানার বাড়িতে থাকা অবস্থায় শিশু সাঈদ নিখোঁজ হয়।

পরিবারের লোকজন তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে এলাকায় মাইকিং করে নিখোঁজ সংবাদ প্রচার করেন।

খবর পেয়ে বৃহস্পতিবার সকালে হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আবদুল মান্নানের নেতৃত্বে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

তারা স্থানীয় আবদুল গফুরের বাড়ির পেছনের একটি পরিত্যক্ত ডোবা থেকে শিশুটির লাশ উদ্ধার করেন।

পরে ফায়ার সার্ভিসকর্মীরা সংশ্লিষ্ট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন চৌধুরীর কাছে লাশটি বুঝিয়ে দেন।

ঘটনার সত্যতা স্বীকার করেছেন হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আবদুল মান্নান।