বন্যাদুর্গতরা একা নন, সরকার সবসময় পাশে আছে: জ্বালানি প্রতিমন্ত্রী


বন্যাদুর্গতরা একা নন এবং নির্বাচিত সরকার সবসময় তাদের পাশে আছে বলে আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুর্গতদের খোঁজ নিতে তাকে পাঠিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে খাগড়াছড়ির বন্যা-পরবর্তী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

সফরকালে প্রতিমন্ত্রী খাগড়াছড়ি সদরসহ দীঘিনালা উপজেলার কবাখালি ইউনিয়নের বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন।

এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন।

তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগের কথা শোনেন।

ক্ষয়ক্ষতির সার্বিক চিত্র পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার নির্দেশনা দেন প্রতিমন্ত্রী।

পরিদর্শন শেষে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সম্প্রতি পাহাড়ি ঢলে বন্যায় এই অঞ্চলের মানুষ অনেক কষ্টের সময় পার করেছেন।

বন্যার প্রথম দিন থেকে জেলা প্রশাসন, স্থানীয় সংসদ সদস্য ও বিএনপি কর্মীরা তাদের পাশে ছিলেন বলে তিনি উল্লেখ করেন।

দুর্গতদের সাহস জুগিয়ে প্রতিমন্ত্রী বলেন, আপনারা কখনও নিজেদের একা ভাববেন না এবং দুর্বল মনে করবেন না।

জনগণের ভোটে নির্বাচিত সরকার সবসময় দুর্গতদের পাশে আছে বলে তিনি মন্তব্য করেন।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলো কাজ করছে বলেও তিনি জানান।

পরিদর্শনকালে খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া এবং জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত উপস্থিত ছিলেন।

এছাড়া স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত ছিলেন।