
চট্টগ্রামের রাউজানে এক যুবককে অপহরণ করে ভিডিও কলের মাধ্যমে তার স্ত্রীর কাছে দশ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে দুর্বৃত্তরা।
অপহরণের দুই দিন পেরিয়ে গেলেও অপহৃত ওই যুবককে এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ।
অপহৃত মো. নাহিদুল ইসলাম তানভীর রাউজান পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মোবারকখীল গ্রামের হালদা খান চৌধুরী বাড়ির মৃত নুরুল ইসলাম খানের ছেলে।
গত মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টার দিকে মোবাইল ফোন মেরামতের কথা বলে ঘর থেকে বের হন তানভীর।
দুপুরে তিনি ফিরে না আসায় সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি পরিবার।
এ ঘটনায় তানভীরের বোন উম্মে কুলসুম রুপা গতকাল বুধবার বিকালে রাউজান থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
পরিবার জানায়, নিখোঁজ হওয়ার দিন রাতেই তানভীরের স্ত্রীর মোবাইলে একটি ভিডিও কল আসে।
সেখানে অপহৃত তানভীরকে দেখিয়ে দশ লাখ টাকার মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়ে।
ভিডিওটিতে দেখা যায়, স্ত্রীর ফোনে ভিডিও কলে যুক্ত থাকা অপহৃত তানভীর কান্নাকাটি করছেন।
এ সময় তার স্ত্রী আনিসা আকতার ববি চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় স্বামীকে না কেঁদে শক্ত থাকার জন্য সাহস জোগাচ্ছেন।
ভিডিও ধারণকারী তানভীরের বন্ধু তাজবি চৌধুরী জানান, অপহরণকারীরা প্রথমে তাকে এবং পরে তানভীরের স্ত্রীর নম্বরে ফোন দিয়ে মুক্তিপণ দাবি করে।
স্ত্রীকে ভিডিও কল দিলে তিনি সেই কথোপকথনের ভিডিও ধারণ করেন বলে তাজবি চৌধুরী উল্লেখ করেন।
এ বিষয়ে রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন জানান, বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত শুরু করেছেন।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, নিখোঁজের ঘটনায় এক নারী ডায়েরি করেছেন এবং পুলিশ গুরুত্বের সঙ্গে ঘটনাটি তদন্ত করছে।
মুক্তিপণ দাবির বিষয়ে ওসি সাইফুল ইসলাম আরও জানান, পুলিশের সামনে কেউ মুক্তিপণ দাবি না করায় এর সত্যতা নিশ্চিত করা যাচ্ছে না।
