
সম্প্রতি বন্যার কারণে পানিবাহিতসহ নানা রোগে আক্রান্ত হওয়া খাগড়াছড়ির দীঘিনালার পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলার মেরুং ইউনিয়নের সোবাহানপুর এলাকায় দিনব্যাপী এই চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়।
এতে পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের বন্যাকবলিত গরিব, অসহায় এবং দুস্থ মানুষেরা বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ পান।
০৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ‘দি বেবি টাইগার্স’-এর দীঘিনালা জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন, এসইউপি, পিএসসি-এর নির্দেশনায় এই ক্যাম্পের আয়োজন করা হয়।
দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে উপস্থিত থেকে রোগীদের মনোযোগ সহকারে স্বাস্থ্য পরীক্ষা করেন দীঘিনালা জোনের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মুহাম্মদ শায়খ উদ্দীন সাকলাইন।
চিকিৎসা শেষে প্রয়োজন অনুযায়ী তিনি শিশু থেকে বৃদ্ধ, শিক্ষার্থীসহ উপস্থিত সকল রোগীকে বিনামূল্যে ওষুধ প্রদান করেন।
আরএমও মুহাম্মদ শায়খ উদ্দীন সাকলাইন জানান, সম্প্রতি বন্যার কারণে এলাকার শিশু থেকে বৃদ্ধ সবাই পানিবাহিতসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন।
তাই জোন অধিনায়কের নির্দেশনায় সুবিধাবঞ্চিত এই এলাকার মানুষদের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
দীঘিনালা জোন শান্তি ও সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি এ ধরনের জনসেবামূলক মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখবে বলে তিনি আশ্বাস দেন।
সেনাবাহিনীর বিনামূল্যে এই চিকিৎসা সেবা ও ওষুধ পেয়ে পাহাড়ি-বাঙালি সকল শ্রেণি-পেশার মানুষ সন্তোষ ও উচ্ছ্বাস প্রকাশ করেন।
এমন মহৎ উদ্যোগের জন্য এলাকাবাসী বাংলাদেশ সেনাবাহিনী তথা দীঘিনালা জোনের প্রতি ভূয়সী প্রশংসা ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
