দীর্ঘ বিরতি শেষে রাজপথে পটিয়া ছাত্রদল


শহীদদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত ফ্যাসিবাদমুক্ত আগামীর বাংলাদেশ বিনির্মাণে ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন ছাত্রনেতা আঁকিবুল হক আঁকিব।

কমিটি না থাকার কারণে দীর্ঘদিন ধরে সাংগঠনিক কার্যক্রমে ভাটা থাকার পর এই স্মরণসভা ও র‍্যালির মাধ্যমে পুনরায় রাজপথে ফিরেছে পটিয়া ছাত্রদল।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে পটিয়া উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে জুলাই শহীদ দিবস উপলক্ষে এই কর্মসূচি পালিত হয়।

পটিয়া উপজেলা বিএনপির কার্যালয় চত্বরে আয়োজিত এই স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনামের বড় ছেলে তরুণ ছাত্রনেতা আঁকিবুল হক আঁকিব।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ওয়াসিম আকরাম, মীর মুগ্ধ ও আবু সাঈদের আত্মত্যাগের মধ্য দিয়ে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ অর্জিত হয়েছে এবং তাঁদের নাম ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম নয়ন এই স্মরণসভায় সভাপতিত্ব করেন।

সভাপতির বক্তব্যে এস এম নয়ন বলেন, জুলাই আন্দোলনে গণহত্যার সঙ্গে জড়িত ফ্যাসিস্ট শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত ছাত্রদল মাঠ ছাড়বে না।

তিনি আরও বলেন, বিগত সময়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বিএনপির নেতৃত্বে ছাত্রদল রাজপথে সক্রিয় ছিল এবং আগামী দিনেও দেশবিরোধী সব শক্তিকে রুখে দিতে তারা লড়ে যাবে।

স্মরণসভায় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন এবং রেজাউল করিম মিজান।

এছাড়া পটিয়া উপজেলা ছাত্রদল, পটিয়া পৌরসভা ছাত্রদল ও পটিয়া কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ এই কর্মসূচিতে অংশ নেন।

স্মরণসভা শেষে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের গেট থেকে একটি র‍্যালি শুরু হয়ে উপজেলা গেট এলাকায় গিয়ে শেষ হয়।