নাগরিক সেবায় চসিকের ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপের যাত্রা শুরু


নাগরিকদের সেবা পাওয়ার জন্য আর সিটি কর্পোরেশনে ঘুরতে হবে না, বরং প্রযুক্তিই তাদের কাছে সেবা পৌঁছে দেবে বলে জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

শনিবার (১৮ জুলাই) সকাল ১১টায় চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘আমাদের চট্টগ্রাম’ নামের নতুন একটি অ্যাপ উদ্বোধনকালে তিনি এই কথা বলেন।

নাগরিক সেবাকে এক প্ল্যাটফর্মে নিয়ে এসে চট্টগ্রামকে একটি স্মার্ট, প্রযুক্তিনির্ভর ও জবাবদিহিমূলক নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এই উদ্যোগ নিয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, এটি শুধু একটি অ্যাপ নয়, বরং নাগরিক ও সিটি কর্পোরেশনের মধ্যে একটি ডিজিটাল সেতুবন্ধন।

তিনি জানান, নাগরিকরা এখন ঘরে বসেই রাস্তা, জলাবদ্ধতা, মশার উপদ্রবসহ ১০টি ক্যাটাগরির যেকোনো সমস্যার ছবি তুলে সরাসরি সিটি কর্পোরেশনকে জানাতে পারবেন।

অ্যাপের মাধ্যমে অভিযোগ কোন পর্যায়ে রয়েছে তা লাইভ ট্র্যাক করা যাবে বলেও তিনি উল্লেখ করেন।

মেয়র আরও বলেন, জরুরি সেবা, মেয়রের সঙ্গে সরাসরি যোগাযোগ, হোল্ডিং ট্যাক্স এবং ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন সেবা এই প্ল্যাটফর্মেই পাওয়া যাবে।

অফিসার ড্যাশবোর্ড এবং স্বয়ংক্রিয় টিকিটিং সিস্টেমের মাধ্যমে দ্রুত সমস্যা চিহ্নিত করে প্রশাসনিক দক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে বলে তিনি জানান।

অ্যাপটি বাস্তবায়নে করপোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি (সিএসআর) খাত থেকে অর্থায়ন করেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) এবং প্রযুক্তিগত উন্নয়ন করেছে ভেনটো টেক।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সচিব মোহাম্মদ আশরাফুল আমিন অ্যাপটির বিস্তারিত তথ্য তুলে ধরেন।

মোহাম্মদ আশরাফুল আমিন জানান, নাগরিকরা শুধু অভিযোগই নয়, উন্নয়ন সংক্রান্ত পরামর্শ এবং বিভিন্ন অবকাঠামোর বিষয়ে মতামতও এই অ্যাপের মাধ্যমে জানাতে পারবেন।

তিনি আরও বলেন, সিটি কর্পোরেশনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ক্যামেরা সংযুক্ত করা হবে, যা রাস্তাঘাটের সমস্যা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে সিস্টেমে পাঠিয়ে দেবে।

অত্যাধুনিক এই ডিজিটাল প্ল্যাটফর্মটি নির্মাণে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নিজস্ব তহবিল থেকে কোনো অর্থ ব্যয় হয়নি বলে তিনি উল্লেখ করেন।

সম্পূর্ণ প্রকল্পটি ইস্টার্ন ব্যাংক লিমিটেডের অর্থায়নে বাস্তবায়িত হয়েছে।

অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম উপস্থিত ছিলেন।

এছাড়া ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ মো. মনিরুজ্জামান এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে রাজনীতিবিদ আবুল হাশেম বক্করসহ চসিকের বিভাগীয় প্রধানগণ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।