
উপকূলীয় এলাকার পানিবন্দি মানুষের দুর্ভোগ কমাতে এখন থেকে স্লুইসগেট রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে স্থানীয় প্রশাসন।
পানি উন্নয়ন বোর্ডের বদলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা এই দায়িত্ব পালন করবেন।
এছাড়া প্রাকৃতিক দুর্যোগ থেকে উপকূলীয় জনপদকে রক্ষায় সরকার টেকসই ও শক্তিশালী বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নিচ্ছে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (১৮ জুলাই) দুপুরে কক্সবাজারের পেকুয়া উপজেলার বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, অভ্যন্তরীণ পানি নিষ্কাশনের পথ সুগম করতে বন্ধ থাকা খালের মুখে স্লুইসগেট নির্মাণ করা হচ্ছে।
চকরিয়া ও পেকুয়া উপজেলাসহ দেশের বিভিন্ন জেলায় ইতিমধ্যে এ ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
প্রাকৃতিক কারণে বাঁধ ও স্লুইসগেটের ক্ষতির কথা উল্লেখ করে তিনি জানান, লবণাক্ততা ও দুর্যোগের প্রভাবে অনেক সময় এসব অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়।
পানি উন্নয়ন বোর্ড, নির্ধারিত মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভাগগুলো নিয়মিত এগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে থাকে।
তবে ব্যবস্থাপনা আরও জোরদার করতে সরকারের নতুন নির্দেশনার কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন থেকে পানি উন্নয়ন বোর্ড স্লুইসগেটের দৈনন্দিন ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে না।
এর ফলে স্থানীয় পর্যায়ে দ্রুত স্লুইসগেট খুলে পানি নিষ্কাশন করা এবং দরকার হলে গেট বন্ধ করে লবণাক্ত পানি প্রবেশ রোধ করা অনেক সহজ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এর আগে, বেলা সাড়ে ১১টায় পেকুয়া উপজেলা পরিষদ মাঠে শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য ১০০টি ঘর নির্মাণ কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
দুই দিনের সফরে শুক্রবার কক্সবাজার আসেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সফরের প্রথম দিন তিনি নিজের নির্বাচনী এলাকা চকরিয়ায় বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন এবং বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন।
