
আওয়ামী সরকার গুম ও খুনের মাধ্যমে দীর্ঘ ১৭ বছর ক্ষমতা আঁকড়ে ধরে রেখেছিল বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। বর্তমান সরকার জনগণের সরকার উল্লেখ করে তিনি বলেন, দারিদ্র্য ও বৈষম্য দূর করে সবার জন্য সমান অধিকার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।
শনিবার (১৮ জুলাই) দুপুরে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মধ্য মাদার্শা রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরকারি কর্মকর্তাদের উদ্দেশে প্রতিমন্ত্রী কড়া বার্তা দিয়ে বলেন, আপনাদের জনগণের সেবক হতে হবে। উন্নয়ন কাজে গাফিলতির কোনো সুযোগ নেই। প্রতিটি মুহূর্ত দেশের কল্যাণে কাজে লাগাতে হবে। চট্টগ্রামের অভূতপূর্ব উন্নয়ন ভবিষ্যতে ইতিহাস হয়ে থাকবে বলে তিনি মন্তব্য করেন। এছাড়া প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় নদী-নালা এবং খাল-বিলের পানির চলাচল সচল রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
এর আগে প্রতিমন্ত্রী হাটহাজারীর গুমানমর্দ্দন ইউনিয়ন পরিষদ চত্বরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণকালে বলেন, আগের সরকার ভোটের রাজনীতি না করে জুলুম ও নির্যাতনের মাধ্যমে প্রশাসন ও বিচার বিভাগকে স্থবির ও অকেজো করে দিয়েছিল।
তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সরকার ২০২৬ সালের ফেব্রুয়ারি নির্বাচনে জনগণের প্রত্যক্ষ ভোটে ২১৪টি আসনে জয়লাভ করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। এই সরকারের মূল লক্ষ্য দরিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন করা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তব্য শেষে প্রতিমন্ত্রী বন্যার্ত ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নিজ হাতে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
