
চট্টগ্রামের ফটিকছড়িতে জমিতে ধানের চারা রোপণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু হয়েছে।
বিদ্যুতের খুঁটি থেকে ছিঁড়ে পানিতে পড়া তারের সংস্পর্শে এলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
রোববার (১৯ জুলাই) বিকেলে ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ফকিরাচান গ্রামের ফটিকছড়ি বিলে এ ঘটনা ঘটে।
নিহত দুই কৃষক হলেন মো. হাসেম (৪৫) এবং মো. ইউনুস (৩৫)।
তারা দুজনেই দৈনিক মজুরিভিত্তিক কৃষিশ্রমিক হিসেবে কাজ করতেন।
নিহত মো. হাসেম ফটিকছড়ি উত্তর উপজেলার ভূজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল কাশেমের ছেলে।
অন্যদিকে মো. ইউনুস একই এলাকার মাহবুবুল আলমের ছেলে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ফটিকছড়ি বিলে ধানের চারা রোপণের কাজ করছিলেন হাসেম ও ইউনুস।
এ সময় বিলের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের একটি খুঁটি থেকে ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তার জমির পানিতে পড়ে ছিল।
কাজ করার একপর্যায়ে তারা ওই বিদ্যুৎবাহী পানির সংস্পর্শে আসেন এবং ঘটনাস্থলেই প্রাণ হারান।
তবে উদ্ধার কার্যক্রমে বিলম্বের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
তারা জানান, ঘটনার পরপরই ফটিকছড়ি ফায়ার সার্ভিস ও ফটিকছড়ি থানা পুলিশকে খবর দেওয়া হলেও দীর্ঘ সময় কেউ ঘটনাস্থলে পৌঁছায়নি।
পরে স্থানীয় লোকজনই দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করে নিজ নিজ বাড়িতে নিয়ে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. ইব্রাহীম।
তিনি জানান, ঘটনাস্থলেই দুই কৃষকের মৃত্যু হয় এবং পরে স্থানীয় লোকজন তাদের মরদেহ উদ্ধার করেন।
এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
তিনি আরও জানান, লাশ উদ্ধার পরবর্তী কাজ সম্পন্ন করে বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
