পিএইচপি ফ্যামিলির ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আইরন টাইটানস


উৎসবমুখর পরিবেশে ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় সম্পন্ন হয়েছে পিএইচপি ফ্যামিলি আয়োজিত ইন-হাউস ফুটবল টুর্নামেন্ট। পিএইচপি পরিবারের সদস্যদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করা এবং ব্যস্ত জীবনের মাঝে বিনোদনের লক্ষ্যে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।

গত শনিবার ‘অক্সিজেন স্পোর্টস জোন’-এ আয়োজিত এই টুর্নামেন্টে পিএইচপি ফ্যামিলির বিভিন্ন ইউনিটের ৬টি দল অংশগ্রহণ করে। দলগুলো হলো—এরাবিয়ান ওয়ারিয়র্স, গ্লাস গ্ল্যাডিয়েটরস, পেরুদুয়া রোড রানার্স, পেপার ফিনিক্স, স্পিনিং স্ট্রাইকারস ও আইরন টাইটানস।

দিনব্যাপী টুর্নামেন্টের ফাইনালে পরিচালক নুভেদ ইকবালের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি ‘পেপার ফিনিক্স’-কে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিনের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি ‘আইরন টাইটানস’।

টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা হিসেবে গোল্ডেন বুট জিতেছেন আইরন টাইটানস দলের মঈন এবং সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন একই দলের ইরাম। এছাড়া পরিচালক তারজিয়া আনোয়ারের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি ‘এরাবিয়ান ওয়ারিয়র্স’ ফেয়ার প্লে ট্রফি লাভ করে।

টুর্নামেন্টের উদ্বোধন করেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান ও পরিচালক তাহমিনা মিজান। উদ্বোধনকালে চেয়ারম্যান সুফি মিজানুর রহমান বলেন, নিয়মিত খেলাধুলার মাধ্যমে শরীর ও স্বাস্থ্য ভালো থাকে। জীবনের হারজিত মেনে নেওয়ার মনোবল খেলাধুলা থেকেই লাভ করা যায়। এছাড়া খেলাধুলা মানুষকে নির্মল আনন্দ দেয় এবং একে অপরের সুখ-দুঃখের ভাগিদার হওয়ার মানসিকতাকে জাগ্রত করে।

খেলা শেষে সাইফুল্লাহ্ চৌধুরীর সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পিএইচপি মোটরস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আকতার পারভেজ।

এ সময় পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন, টুর্নামেন্টের উদ্যোক্তা ও পরিচালক ভিক্টর মিজান মহসিন, নুভেদ মিজান ইকবাল ও তারজিয়া আনোয়ার উপস্থিত ছিলেন।

টুর্নামেন্ট উপলক্ষে ‘অক্সিজেন স্পোর্টস জোন’ পিএইচপি ফ্যামিলির পরিচালনা পর্ষদ, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের মিলনমেলায় পরিণত হয়। টুর্নামেন্টের আয়োজকরা ভবিষ্যতে শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধনে নিয়মিত ফুটবল, ক্রিকেট, কাবাডি ও ব্যাডমিন্টনসহ বিভিন্ন খেলাধুলা আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন।