পটিয়ায় জামায়াতের উদ্যোগে বন্যার্তদের খাদ্য সহায়তা


দুর্যোগ ও দুর্বিপাকে মানুষের পাশে দাঁড়ানো নৈতিক এবং মানবিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন জামায়াতের প্রবাসী শাখার নেতা ও সাবেক ছাত্রনেতা গাজী মোহাম্মদ আবুল কালাম।

তিনি বলেন, বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কোনো দান নয়, বরং এটি দুর্দিনে অসহায় মানুষের প্রতি আন্তরিক ভালোবাসা, সহমর্মিতা ও দায়িত্ববোধের একটি ক্ষুদ্র প্রকাশ।

রোববার (১৯ জুলাই) সন্ধ্যায় চট্টগ্রামের পটিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পটিয়া পৌরসভা জামায়াতের উদ্যোগে বাসস্টেশনস্থ দলীয় কার্যালয়ে এই খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পৌরসদরের বিভিন্ন ওয়ার্ডের ৫০ জন বন্যার্তের মাঝে চাল, ডাল, পেঁয়াজ ও আলুসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এর আগে শনিবার বিকেলে পৌরসদরের ৪ ও ৮ নম্বর ওয়ার্ডের শতাধিক পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে বলে জানানো হয়।

খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটিয়া পৌরসভা জামায়াতের আমির সেলিম উদ্দিন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পটিয়া পৌরসভা জামায়াতের সেক্রেটারি রাশেদুল ইসলাম।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত নেতা ও সাবেক ব্যাংকার আবুল হোসেন এবং জামায়াতের যুব বিভাগের সভাপতি লিয়াকত আলী।

প্রধান অতিথির বক্তব্যে গাজী মোহাম্মদ আবুল কালাম আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করে।

সমাজের বিত্তবান ও সামর্থ্যবানরা নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এলে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব বলে তিনি বিশ্বাস করেন।