
চট্টগ্রামের পটিয়ায় একাধিক মামলার পরোয়ানাভুক্ত কোলাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কার্যক্রম নিষিদ্ধ এই সংগঠনের গ্রেপ্তার হওয়া ওই নেতার নাম আবু জাফর (৫৫)।
তিনি পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বানীগ্রাম এলাকার মৃত আবুল হাশেমের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২০ জুলাই) ভোরে বানীগ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালায় পুলিশ।
পটিয়া থানা পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আবু জাফরের বিরুদ্ধে আগে থেকেই একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
