
“তোমার আব্বু অসুস্থ, তোমাকে নিতে এসেছি”—এক পরিচিত চক্রান্তমূলক কথা বলে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সাত বছর বয়সী এক কন্যাশিশুকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে অপহরণের অভিযোগ উঠেছে।
নিখোঁজ ওই শিশুটির নাম ওয়াসিফা জান্নাত তাসকিন। সে উপজেলার সরফভাটা ইউনিয়নের পশ্চিম সরফভাটার হাফেজ মোহাম্মদ শরিফের বাড়ির বাসিন্দা মোহাম্মদ দেলোয়ারের মেয়ে।
সোমবার (২০ জুলাই) সকালে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে এই অপহরণের ঘটনা ঘটে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
শিশু ওয়াসিফা জান্নাত তাসকিন স্থানীয় ইমাম আযম আবু হানিফা (র.) স্কুলের নার্সারি শ্রেণির শিক্ষার্থী।
শিশুটির বাবা মোহাম্মদ দেলোয়ার জানান, স্কুল ছুটির পর ওয়াসিফা তার সহপাঠী ও এক আত্মীয় শিশুর সঙ্গে বাসায় ফিরছিল।
এ সময় তাদের বাসার সামনে আগে থেকেই চালকসহ তিন ব্যক্তি নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা দাঁড়িয়ে ছিল, যা আশপাশের সিসিটিভি ফুটেজেও দেখা গেছে।
গাড়িতে থাকা ব্যক্তিরা তার বাবার অসুস্থতার কথা বলে ওয়াসিফাকে অটোরিকশায় তুলে নিয়ে চম্পট দেয়।
দেলোয়ারের ধারণা, অপহরণকারীরা তার মেয়ের নাম জানত এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবেই তার অসুস্থতার মিথ্যা কথা বলে শিশুটিকে তুলে নিয়ে গেছে। এটি একটি পরিকল্পিত অপহরণ বলে তিনি দাবি করেন।
শিশুটির মা জানান, কারও সঙ্গে তাদের কোনো শত্রুতা ছিল না। নিষ্পাপ মেয়েটিকে সুস্থ অবস্থায় ফিরে পাওয়ার আকুতি জানান তিনি।
ইমাম আযম আবু হানিফা (র.) স্কুলের শিক্ষক নুরুল আবছার জানান, ছুটি শেষে ওয়াসিফা বাড়ির উদ্দেশে রওনা হয়েছিল। সহপাঠীদের সামনেই তাকে অটোরিকশায় তুলে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন আহমেদ জানান, পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে এবং এ সংক্রান্ত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
অপহৃত শিশুটিকে দ্রুত উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানান এই কর্মকর্তা।
