চট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি হলেন আবদুল কুদ্দুস চৌধুরী


সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জের নতুন উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে চট্টগ্রাম রেঞ্জের পাশাপাশি ময়মনসিংহ রেঞ্জ ও সিলেট মেট্রোপলিটন পুলিশেও নতুন শীর্ষ কর্মকর্তা পদায়নের কথা জানানো হয়েছে।

পুলিশ সদর দপ্তরের ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীমকে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসানকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি পদে বদলি করা হয়েছে।

এছাড়া ময়মনসিংহ রেঞ্জের বর্তমান ডিআইজি মো. আতাউল কিবরিয়াকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করেছে সরকার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এই রদবদলের আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।