
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের জালালাবাদ তা’লীমুল কুরআন মাদ্রাসার শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন নগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ।
মঙ্গলবার (২১ জুলাই) রাতে নগরীর বায়েজিদ বোস্তামী লিংক রোডে অবস্থিত এই মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এতে মাদ্রাসার প্রায় ৩০০ ফুট দীর্ঘ এবং ৩০ ফুট প্রস্থের শ্রেণিকক্ষ ও আবাসিক কক্ষ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
বুধবার সকাল ১১টায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ওই মাদ্রাসা পরিদর্শনে যান মুহাম্মদ শাহেদ।
পরিদর্শন শেষে তিনি ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর ঘোষণা দেন।
একইসঙ্গে তিনি তাৎক্ষণিকভাবে ছাত্রদের দুই দিনের খাবার, প্রয়োজনীয় পোশাক ও শিক্ষাসামগ্রী প্রদানের সম্পূর্ণ দায়িত্ব নেন।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছেন, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে ফায়ার সার্ভিসের একটি তদন্ত দল কাজ করছে।
পাশাপাশি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন বলে জানানো হয়েছে।
পরিদর্শনের সময় বায়েজিদ বোস্তামী থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুল্লাহ আল হারুন এবং ৪৪ নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সদস্য সচিব জাফর আহমদ খোকন উপস্থিত ছিলেন।
এছাড়া চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল এবং সাবেক সহ-তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম বাবুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।
