
বিয়ের আশ্বাস দিয়ে এক কলেজছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগে গ্রেপ্তারের পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত ওই নেতার নাম আফতাব মজুমদার। তিনি এনসিপি চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য ছিলেন।
বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর এনসিপির দপ্তর সম্পাদক রিদুয়ান হৃদয় স্বাক্ষরিত এক আদেশে এই বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।
আদেশে বলা হয়েছে, দলের নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়ে আফতাব মজুমদারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে।
দলের গঠনতন্ত্র ও সাংগঠনিক বিধান অনুযায়ী মহানগর কমিটির জরুরি সিদ্ধান্তের ভিত্তিতে তাঁকে সদস্যপদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে এনসিপি চট্টগ্রামের দপ্তর সম্পাদক রিদুয়ান হৃদয় জানান, আদেশটি বৃহস্পতিবার থেকেই কার্যকর হবে। এর পর থেকে দলের কোনো সাংগঠনিক কার্যক্রম বা পরিচয়ের সঙ্গে আফতাব মজুমদারের সম্পর্ক থাকবে না।
এর আগে বুধবার রাতে নগরের হালিশহর এলাকা থেকে আফতাব মজুমদারকে গ্রেপ্তার করে র্যাব। পরে তাঁকে চান্দগাঁও থানায় সোপর্দ করা হয়।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন জানান, গত ১৯ জুলাই এক তরুণী আফতাব মজুমদারের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, চট্টগ্রামের একটি বেসরকারি কলেজে পড়া ওই ছাত্রীর সঙ্গে প্রায় তিন মাস আগে ফেসবুকের মাধ্যমে আফতাবের পরিচয় হয়।
অভিযোগে বলা হয়, এরপর বিয়ের আশ্বাস দিয়ে তিনি তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন।
কিন্তু পরে বিয়ের জন্য চাপ দিলে আফতাব ওই তরুণীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। এরপর তিনি থানায় মামলাটি দায়ের করেন।
দলটির পক্ষ থেকে প্রথমে অভিযোগটি খতিয়ে দেখে সত্যতা পেলে ব্যবস্থা নেওয়ার কথা বলা হলেও, বৃহস্পতিবার সরাসরি তাঁকে স্থায়ীভাবে বহিষ্কারের আদেশ দেওয়া হয়।
