
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামীকাল শুক্রবারই পদত্যাগ করতে পারেন।
তিনটি সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স আজ বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে।
দুটি সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতি ইতিমধ্যে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এবং বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানকে অবহিত করেছেন।
অপর একটি সূত্র জানিয়েছে, পদত্যাগের সিদ্ধান্তের কথা গত মঙ্গলবারই প্রধানমন্ত্রীকে জানিয়েছেন রাষ্ট্রপতি।
শুক্রবার তিনি এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন।
তবে বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় রয়টার্সকে তথ্য দেওয়া তিনটি সূত্রের কেউই নিজেদের নাম প্রকাশ করতে রাজি হননি।
সম্প্রতি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান যে তিনি আগামী ডিসেম্বরে ভারত থেকে দেশে ফিরবেন।
ভারত থেকে শেখ হাসিনার ফেরার সময়সীমা ঘোষণার পর দেশের সর্বোচ্চ দপ্তর থেকে তাঁর ‘সাবেক’ এই মিত্রকে সরাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর জনগণের চাপ বাড়তে থাকে।
এর পরই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগের সিদ্ধান্ত নিতে যাচ্ছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে দমন-পীড়ন চালানোর নির্দেশ দেওয়ার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত বছরের নভেম্বর মাসে শেখ হাসিনাকে তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড প্রদান করেন।
ওই অভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ জন নিহত হন।
তবে বর্তমানে ভারতে নির্বাসনে থাকা শেখ হাসিনা তাঁর বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেছেন।
