খেলার সময় গাছের শুকনো ডাল পড়ে রাঙ্গুনিয়ায় শিশুর মৃত্যু


চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় খেলার সময় রেইনট্রি গাছের শুকনো ডাল ভেঙে পড়ে নিশিত দেব (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) বেলা ৩টার দিকে উপজেলার পারুয়া ইউনিয়নের উত্তর পারুয়া ১ নম্বর ওয়ার্ডের কালী মন্দিরসংলগ্ন মাঠে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু নিশিত দেব ওই এলাকার খোকন দেবের ছেলে।

স্থানীয়রা জানান, কালী মন্দিরসংলগ্ন মাঠে অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল নিশিত।

এ সময় মাঠের পাশে থাকা একটি রেইনট্রি গাছের বড় শুকনো ডাল হঠাৎ ভেঙে নিচে পড়ে।

অন্য শিশুরা দ্রুত সরে যেতে পারলেও নিশিত সরে যেতে পারেনি। ডালটি তার মাথার ওপর পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় সাবেক ইউপি সদস্য মাহবুব মেম্বার জানান, মাঠটিতে শিশুরা নিয়মিত খেলাধুলা করে এবং গাছটিতে আগে থেকেই বড় একটি শুকনো ডাল ছিল।

সাম্প্রতিক বৃষ্টিতে ডালটি দুর্বল হয়ে যাওয়ায় বৃষ্টির মধ্যেই খেলাধুলার সময় সেটি ভেঙে পড়ে বলে তিনি উল্লেখ করেন।

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।

এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও পুলিশের এই কর্মকর্তা নিশ্চিত করেছেন।