
পরিচ্ছন্নতা শুধু সরকারি কর্মসূচি নয়, বরং এটি প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব বলে মত দিয়েছেন বক্তারা।
শনিবার (২৫ জুলাই) চট্টগ্রামের ফটিকছড়িতে ‘পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম’ শীর্ষক আলোচনা সভায় এই তাগিদ দেওয়া হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
কর্মসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর।
উপজেলা বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব সমাজ গড়তে হবে।
এজন্য সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে বলে জানান তাঁরা।
এর আগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া একটি র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সেটি পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
র্যালিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, সরকারি কর্মকর্তা-কর্মচারী, সুশীল সমাজের প্রতিনিধি এবং শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহির আজম চৌধুরী।
এছাড়া পৌর বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন ও জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত ছিলেন।
