পটিয়ায় প্রবাসীর বাড়িতে ডাকাতি, ফাঁকা গুলি ছুড়ে পলায়ন


চট্টগ্রামের পটিয়ায় বিশেষ পাউডার ব্যবহার করে তালা খুলে এক প্রবাসীর বাড়িতে ঢুকে দুর্ধর্ষ ডাকাতি করেছে একটি সংঘবদ্ধ দল।

অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে লুটপাট শেষে ফাঁকা গুলি ছুড়ে তারা একটি মাইক্রোবাসে করে পালিয়ে যায়।

শনিবার (২৫ জুলাই) ভোরে পটিয়া থানাধীন জঙ্গলখাইন ইউনিয়নের এয়াকুবদণ্ডী গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী দুবাইপ্রবাসী আলী আব্বাস জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ অস্ত্রধারী ডাকাতদল তার বাড়িতে প্রবেশ করে।

ডাকাতরা প্রথমে তার মাথায় অস্ত্র ঠেকিয়ে তাকে একটি কক্ষে নিয়ে যায়। কয়েকজন তাকে পাহারায় রেখে অন্যরা ঘরের বিভিন্ন কক্ষে তল্লাশি চালায়।

এ সময় ডাকাতরা তার স্ত্রীর গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। পরে আলমারি ভেঙে নগদ ৩০ থেকে ৩৫ হাজার টাকা এবং প্রায় ৭ ভরি স্বর্ণালংকার লুট করে।

একপর্যায়ে ডাকাতরা তার ছেলের কক্ষে ঢুকে তাকে অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। এরপর তার কাছ থেকেও স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়।

ডাকাতি শেষে ডাকাতদল একটি হাইস মাইক্রোবাসে করে পালিয়ে যায়। এ সময় পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন ডাকাতদলকে ধাওয়া দিলে তারা ফাঁকা গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায় বলে আলী আব্বাস জানান।

স্থানীয় যুবদল নেতা গাজী মনির জানান, অনেক দিন পর তাদের এলাকায় এমন ঘটনা ঘটেছে।

হাইওয়ে সড়কসংলগ্ন ওই বাড়িতে ডাকাতদল পাউডার ব্যবহার করে তালা খুলে প্রবেশ করে বলে তিনি উল্লেখ করেন।

গাজী মনির আরও জানান, পাশের বাড়ি থেকে মসজিদের মুয়াজ্জিন মন্টু ফজরের আজান দিতে বের হয়ে ডাকাতদলের সামনে পড়েন।

প্রথমে তিনি তাদের পুলিশ মনে করলেও পরে ডাকাত বুঝতে পারেন। এ সময় ডাকাতরা মন্টুকে আটকে রাখে এবং পরে ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়।

জঙ্গলখাইন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গাজী বখতিয়ার উদ্দিন বকুল বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক ঘটনা।

সকালে খবর পেয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে উল্লেখ করে জনপ্রতিনিধি হিসেবে তিনি জড়িতদের দ্রুত শনাক্ত করে শাস্তির দাবি জানান।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

তবে ডাকাতদলের গুলি ছোড়ার বিষয়ে ওসি জিয়াউল হক জানান, ডাকাতরা গুলি ছুড়েছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি এবং ঘটনাস্থল থেকে এ ধরনের কোনো আলামত পাওয়া যায়নি।