চট্টগ্রামে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানে যুক্ত হলো ওয়াসা


পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ঈমানের অঙ্গ এবং মানুষ হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম।

‘পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসনের উদ্যোগে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

চট্টগ্রামজুড়ে ৩ হাজার ৩০০-এর বেশি সরকারি ভবনের ছাদ ও আঙিনায় একযোগে এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে।

শনিবার সকালে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে দিনব্যাপী এই কর্মসূচির সূচনা হয়।

র‍্যালিটি সার্কিট হাউজ থেকে শুরু হয়ে কাজীর দেউড়ি, চট্টগ্রাম অফিসার্স ক্লাব এবং রেডিসন ব্লু প্রদক্ষিণ করে পুনরায় সার্কিট হাউজে এসে শেষ হয়।

এতে চট্টগ্রাম ওয়াসার সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে চট্টগ্রাম ওয়াসার প্রধান অফিসের নতুন ও পুরাতন ভবনে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

এই কার্যক্রমে অংশ নিয়ে প্রকৌশলী সেলিম মো. জানে আলম চট্টগ্রাম জেলা প্রশাসনের এই সময়োচিত উদ্যোগকে আন্তরিক সাধুবাদ জানান।

তিনি জানান, বাসযোগ্য এবং নিরাপদ নগরী গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অফিস কিংবা বাসাবাড়ি যার যার অবস্থান থেকে যথাসাধ্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তাঁর মতে, এতে করে সবার মনমানসিকতা এবং কাজের পরিবেশ আরও উন্নত হবে।

সুস্থ, সুন্দর ও নান্দনিক চট্টগ্রাম গঠনে পরিষ্কার পরিচ্ছন্নতার এই উদ্যোগ ভালো ভূমিকা রাখবে বলে তিনি নিশ্চিত করেন।

ভবিষ্যতে নিজ নিজ দায়িত্ববোধ থেকে চট্টগ্রাম ওয়াসার প্রধান অফিসের নতুন ও পুরাতন ভবনসহ সকল স্থাপনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য তিনি নির্দেশনা প্রদান করেন।

চট্টগ্রাম ওয়াসার জনসংযোগ কর্মকর্তা মো. আবুল কাসেম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছেন।