
নাগরিক সন্তুষ্টিই পুলিশ ভালো কাজ করছে কি না তার প্রধান মাপকাঠি বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী।
শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি বলেন, আমরা নিপীড়ক নয়, বরং জনগণের পুলিশ হতে চাই।
কার্যকর পুলিশিংয়ের অন্যতম প্রধান উপাদান হলো কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ উল্লেখ করে তিনি জানান, পুলিশের সঙ্গে জনগণের সম্পৃক্ততা যত বাড়বে, পুলিশ তত ভালোভাবে কাজ করতে পারবে।
জুলাই বিপ্লবের পর সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সম্পর্কের পরিবর্তন এসেছে জানিয়ে সিএমপি কমিশনার বলেন, সাধারণ মানুষকে পুলিশের কাজ ও আচরণের মাধ্যমে সেটি মনে করতে হবে। সাংবাদিকদের প্রকাশিত প্রতিবেদনকে নেতিবাচকভাবে না দেখে তা থেকে প্রয়োজনীয় বিষয় অনুধাবনের ওপরও জোর দেন তিনি।
অনুষ্ঠানে দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক বলেন, সাংবাদিক ও পুলিশ একে অন্যের পরিপূরক। সঠিক সংবাদ পরিবেশন করতে পারলে কোনো বিভাজন তৈরি হয় না বলে তিনি মনে করেন। তিনি আরও জানান, নগরের বিপুল জনসংখ্যার নিরাপত্তায় সাধারণ মানুষের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করা প্রয়োজন।
সভাপতির বক্তব্যে চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি বলেন, একটি কল্যাণ রাষ্ট্র গড়ে তোলার জন্য পুলিশ ও সাংবাদিক প্রতিকূলতার মধ্যেও কাজ করছেন। গত ১৫ বছরের ফ্যাসিস্ট সরকারের পতনের পর নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে পুলিশ ও সাংবাদিক একসাথে কাজ করবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় সঞ্চালনা করেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাহবুব মাওলা রিপন এবং স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মিয়া মো. আরিফ।
সভায় প্রেস ক্লাবের পক্ষে বক্তব্য রাখেন কমনওয়েলথ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (সিজেএ) বাংলাদেশ চ্যাপ্টারের সাধারণ সম্পাদক ওসমান গণি মনসুর। এছাড়া বক্তব্য রাখেন প্রেস ক্লাবের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দীন কাদেরী শওকত, কাজী আবুল মনসুর, সিনিয়র সহ-সভাপতি মুস্তফা নঈম ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সালেহ নোমান।
একই সঙ্গে অর্থ সম্পাদক আবুল হাসনাত, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক হাসান মুকুল, কার্যকরী সদস্য ওয়াহিদ জামান, সাইফুল ইসলাম শিল্পী ও রফিকুল ইসলাম সেলিম অনুষ্ঠানে উপস্থিত থেকে মতামত তুলে ধরেন। পাশাপাশি এটিএন নিউজের চট্টগ্রামের প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ, কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার ফারুক মুনির এবং সকালবেলার ব্যুরো প্রধান মোহাম্মদ আলী বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ক্রীড়া সম্পাদক রুবেল খান, গ্রন্থাগার সম্পাদক মো. শহীদুল ইসলাম এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহ উপস্থিত ছিলেন।
সিএমপির পক্ষে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভুইয়া। পাশাপাশি বক্তব্য দেন ডিসি (দক্ষিণ) মো. হাবিবুর রহমান এবং কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ নূর।
এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ডিসি (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দীন আহমেদ, ডিসি (ট্রাফিক-পশ্চিম) নিষ্কৃতি চাকমা, ডিসি (ট্রাফিক-দক্ষিণ) মোহাম্মদ লিয়াকত আলী খান এবং ডিসি (ক্রাইম এন্ড অপারেশনস্) মো. রইছ উদ্দিন।
এছাড়া ডিসি (ট্রাফিক-বন্দর) কবীর আহম্মেদ, ডিসি (সিএসবি) মো. গোলাম রুহুল কুদ্দুস, ডিসি (পশ্চিম) মো. আলমগীর হোসেন, ডিসি (বন্দর) মো. আমিরুল ইসলাম এবং ডিসি (উত্তর) মো. হাসান মোস্তফা স্বপন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সিএমপির অন্যান্য কর্মকর্তাদের মধ্যে এডিসি মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী, এডিসি মোহাম্মদ বদিউজ্জামান, এডিসি (সদর) শ্রীমা চাকমা এবং এসি (সদর) আমিনুর রশিদ অংশ নেন।
