জঙ্গল সলিমপুরে পুলিশ ক্যাম্পে বিষক্রিয়া: নেপথ্যে কি ভূমিদস্যুরা?


চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে অস্থায়ী পুলিশ ক্যাম্পের পানি পান করে তিন পুলিশ সদস্য অসুস্থ হয়ে পড়েছেন।

রোববার সকাল সাতটার দিকে সলিমপুর ইউনিয়নের আলীনগর এলাকায় এই ঘটনা ঘটে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিনুল ইসলাম জানান, সকালে ক্যাম্পের তিন সদস্য গ্লাসে পানি ঢালার সময় তাতে সাদা ফেনা দেখতে পান।

বিষয়টিকে গুরুত্ব না দিয়ে তাঁরা কিছুটা পানি পান করেন এবং একধরনের বিষাক্ত গন্ধ অনুভব করার কিছুক্ষণ পরই অসুস্থ হয়ে পড়েন।

ওসি আরও জানান, পার্শ্ববর্তী একটি বাড়ি থেকে পাইপলাইনের মাধ্যমে ওই ক্যাম্পে পানীয় জল সরবরাহ করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানির পাইপলাইনে কোনো বিষাক্ত পদার্থ প্রবেশ করেছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ঘটনার পর পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে এবং পুরো ট্যাংকের পানি ফেলে দিয়ে তা পরিষ্কার করা হয়েছে।

অসুস্থ পুলিশ সদস্যদের অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত হলেও তাৎক্ষণিকভাবে তাঁদের নাম জানা যায়নি।

চট্টগ্রাম নগরের বায়েজিদ-ফৌজদারহাট সংযোগ সড়ক ধরে এগোলে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন-এর বিপরীত দিকের একটি সড়ক জঙ্গল সলিমপুরে গিয়ে মিশেছে।

ছিন্নমূল ও আলীনগর—মূলত এই দুটি অংশ নিয়ে গড়ে ওঠা এলাকাটিতে জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী প্রায় ৩ হাজার ১০০ একর খাসজমি রয়েছে।

দীর্ঘদিন ধরে এলাকাটি বিভিন্ন ভূমিদস্যু ও সন্ত্রাসী গোষ্ঠীর নিয়ন্ত্রণে ছিল এবং এর আগে বিভিন্ন সময় অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা।

পরে গত ৯ মার্চ সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও বিজিবির প্রায় ৩ হাজার ২০০ সদস্যের এক যৌথ অভিযানে জঙ্গল সলিমপুরের নিয়ন্ত্রণ নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।