রাঙ্গুনিয়ায় অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সামাজিক প্রতিরোধের আহ্বান


সমাজে নীতি-নৈতিকতার অবক্ষয়ের কারণে মাদক, ইভটিজিং, সন্ত্রাস ও জুয়ার মতো অপরাধ বাড়ছে। এসব সামাজিক ব্যাধি দূর করতে কেবল আইন প্রয়োগই যথেষ্ট নয়, প্রয়োজন সর্বস্তরের মানুষের সম্মিলিত সামাজিক প্রতিরোধ।

চট্টগ্রাম জেলা পুলিশের রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার বা এএসপি মো. বেলায়েত হোসেন এমন মন্তব্য করেছেন।

মঙ্গলবার সকালে রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

রাঙ্গুনিয়া মডেল থানার উদ্যোগে এই বিট পুলিশিং সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি মো. জহির উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একই থানার উপপরিদর্শক বা এসআই গোলাম মোস্তফা।

প্রধান অতিথির বক্তব্যে এএসপি মো. বেলায়েত হোসেন বলেন, শুধু পুলিশের একার পক্ষে সমাজ থেকে অপরাধ নির্মূল করা সম্ভব নয়। জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, শিক্ষক, অভিভাবক, ধর্মীয় নেতা ও সচেতন নাগরিকসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

তিনি আরও বলেন, সমাজে নৈতিক মূল্যবোধ, পারিবারিক শিক্ষা ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত হলে অপরাধপ্রবণতা অনেকাংশে কমে আসবে। নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে জনগণের সচেতন অংশগ্রহণ অপরিহার্য বলে উল্লেখ করেন তিনি।

সভাপতির বক্তব্যে ওসি মো. জহির উদ্দিন বলেন, জনগণ ও পুলিশের মধ্যে আস্থা, পারস্পরিক সহযোগিতা এবং যোগাযোগ বৃদ্ধি করাই বিট পুলিশিংয়ের মূল উদ্দেশ্য। জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা গেলে একটি অপরাধমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।

সভায় উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুশীল সমাজের প্রতিনিধিরা অপরাধ দমনে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি পুলিশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।