বিএনপি নেতাকর্মীদের পালানোর ইতিহাস নেই: এমপি নুরুল আমিন


বিএনপির নেতাকর্মীদের পালানোর কোনো ইতিহাস নেই উল্লেখ করে জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম-১ মিরসরাই আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন।

মঙ্গলবার দুপুরে মিরসরাই উপজেলার মিঠাছরা বাজার থেকে মাদবারহাট সড়কের সংস্কার কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই নির্দেশনা দেন।

নুরুল আমিন বলেন, গত ১৭ বছর আন্দোলন করে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটানো হয়েছে। তিনি দাবি করেন, ওয়ান-ইলেভেনের সময় মাইনাস টু ফর্মুলায় ষড়যন্ত্র হলেও খালেদা জিয়া পালাননি, কিন্তু শেখ হাসিনা পালিয়েছিলেন।

স্থানীয় সরকার নির্বাচনে দলের মনোনীত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, কেউ দলের সিদ্ধান্তের বাইরে গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উন্নয়ন প্রসঙ্গে সংসদ সদস্য জানান, এই মুহূর্তে মিরসরাইয়ে প্রায় হাজার কোটি টাকার কাজ চলছে। নিজামপুর-ভোরেরবাজার, জোরারগঞ্জ-টেকেরহাট এবং চৈতন্যেরহাট-আবুরহাট সড়কের কাজ শিগগিরই শুরু হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার পাশাপাশি আবুতোরাবে নতুন একটি স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের সিদ্ধান্ত হয়েছে।

তিনি ঠিকাদারদের মানসম্মত কাজ করার তাগিদ দিয়ে এলাকাবাসীকে তাদের সহযোগিতা করার আহ্বান জানান।

এর আগে ২৪ কোটি টাকা ব্যয়ে মিঠাছরা বাজার থেকে মাদবারহাট সড়কের সংস্কার কাজ উদ্বোধন করা হয়। উপজেলার মিঠাছরা বাজার থেকে বামনসুন্দর দারোগারহাট, কাটাছরা, ঝুলনপোল বাজার ও ইছাখালী হয়ে মাদবারহাট পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য আট কিলোমিটার।

সড়কটি ২৪ ফুট প্রশস্ত করা হবে এবং এতে আটটি সেতু ও কালভার্ট নির্মাণ করা হবে। ২৩ কোটি ৯০ লাখ ২৬ হাজার ১৫০ টাকা চুক্তিমূল্যে মেসার্স হক ট্রেডার্স নামের ঠিকাদারি প্রতিষ্ঠান এই কাজ পেয়েছে। কার্যাদেশ অনুযায়ী ১৪ মে থেকে ৫ নভেম্বরের মধ্যে এই সংস্কার কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাটি যৌথভাবে সঞ্চালনা করেন মিরসরাই সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মনজুর মোর্শেদ কনক এবং বিএনপি নেতা জাহিদ ভূঁইয়া আরিফ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদ এবং বিএনপি নেতা ফখরুল ইসলাম।

এছাড়াও বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার উদ্দিন সেলিম, বিএনপি নেতা নুরুল আলম মেম্বার, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শওকত আকবর সোহাগ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মো. ফোরকান উদ্দিন চৌধুরী ও ছাত্রদল নেতা নাঈম সরকার।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আবছার চেয়ারম্যান, যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, বিএনপি নেতা মাঈন উদ্দিন কোম্পানী, মফিজ উদ্দিন, আনোয়ার হোসেন, সিরাজুল হক সুজা এবং নাসির উদ্দিন।

পাশাপাশি সামছুদ্দৌহা মামুন, নাজিম উদ্দিন মিয়াজী, আজিজুল হক মেম্বার, রবিউল হোসেন রবি ও রেজাউল করিমসহ দলের অন্য নেতাকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন।