চুয়েটে ফুটবল খেলা শেষে পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু


ফুটবল খেলা শেষে সহপাঠীদের সঙ্গে গোসল করতে নেমে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

নিহত ওই শিক্ষার্থীর নাম অর্ণব সাহা (২৫)। তিনি চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। অর্ণব সাহার গ্রামের বাড়ি ফেনী জেলায়।

মঙ্গলবার সন্ধ্যায় চুয়েট ক্যাম্পাসের কাজী নজরুল ইসলাম হলের পুকুরে এই ঘটনা ঘটে।

জানা যায়, সন্ধ্যায় ক্যাম্পাসের কেন্দ্রীয় খেলার মাঠে ফুটবল খেলা শেষে কাজী নজরুল ইসলাম হলের পুকুরে সহপাঠীদের সঙ্গে গোসল করতে নামেন অর্ণব সাহা। একপর্যায়ে তিনি পানিতে তলিয়ে যান।

পরে সেখানে থাকা অন্য শিক্ষার্থীরা খোঁজাখুঁজি করে অর্ণবকে পুকুর থেকে উদ্ধার করেন।

উদ্ধারের পর দ্রুত তাকে চুয়েট মেডিকেলে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম শহরের এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পরে রাত ৯টার দিকে এভারকেয়ার হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।