
পূর্বশত্রুতার জেরে চট্টগ্রামের হাটহাজারীতে চলন্ত গাড়ি থামিয়ে এসএম শহিদুল্লাহ রনি নামের এক সাংবাদিকের গাড়িতে গুলির ঘটনা ঘটেছে। মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত প্রথমে ইট ছুড়ে গাড়িটি থামায় এবং এরপর গুলি চালায়।
এসএম শহিদুল্লাহ রনি একজন ব্যবসায়ী ও সাংবাদিক। তিনি বিজয় টিভির সাবেক চট্টগ্রাম ব্যুরো প্রধান এবং বর্তমানে দৈনিক প্রিয় সময় পত্রিকার সম্পাদক।
মঙ্গলবার রাত ১২টার দিকে হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের রহিমপুরের চারাবটতলা এলাকায় এই ঘটনা ঘটে। হাটহাজারী-রাউজান সড়কে তিনি হামলার শিকার হন।
জানা গেছে, ঘটনার রাতে নিজের প্রাইভেট কার (চট্টমেট্রো-ঘ ১১-২৫০০) চালিয়ে চট্টগ্রাম শহর থেকে রাউজানের বাড়িতে যাচ্ছিলেন তিনি। চারাবটতলা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত গাড়িতে ইট নিক্ষেপ করে। এতে তিনি গাড়ি থামাতে বাধ্য হন।
গাড়ি থামানোর পর হামলাকারীরা পেছনের আসন লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়ে। এরপর তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি।
ভুক্তভোগী সাংবাদিক এসএম শহিদুল্লাহ রনি জানিয়েছেন, কিছুদিন আগেও কিছু দুর্বৃত্ত তার বাসায় গিয়ে হামলা করেছিল। নতুন এই ঘটনায় তিনি প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবেন।
খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে যায়। তারা সেখান থেকে কয়েকটি গুলির খোসা উদ্ধার করেছে।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা গেছে, রাউজানের বিভিন্ন ব্যক্তি ও পক্ষের সঙ্গে তার বিরোধ রয়েছে।
পুলিশ এই ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে। বিস্তারিত তথ্য তদন্তের পর জানা যাবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
