
চট্টগ্রামের মিরসরাইয়ে নামজারি কাজে ঘুষ লেনদেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সদর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা শামসুন্নাহারকে শোকজ করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার তাকে এই নোটিশ দেওয়া হয়। আগামী তিন কার্যদিবসের মধ্যে তাকে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
বুধবার সকাল থেকে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ওই ভিডিওটি ছড়িয়ে পড়ে। এতে এক সেবাগ্রহীতার সঙ্গে সহকারী ভূমি কর্মকর্তা শামসুন্নাহারকে নামজারির কাজের বিনিময়ে অর্থের দরকষাকষি করতে দেখা যায়।
ভিডিওর একপর্যায়ে ‘এখানে আমাদের কিছু খরচপাতি আছে’ এমন বক্তব্য শোনা যায়। এই ভিডিও ভাইরাল হওয়ার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের জানান, বিষয়টি জানার পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওই কর্মকর্তাকে আনুষ্ঠানিকভাবে শোকজ করা হয়েছে।
তিনি আরও জানান, তিন দিনের মধ্যে জবাব পাওয়ার পর তদন্ত করে অভিযোগের সত্যতা মিললে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
শোকজের বিষয়টি নিশ্চিত করে সহকারী ভূমি কর্মকর্তা শামসুন্নাহার দাবি করেন, ভাইরাল হওয়া ভিডিওটি প্রায় এক বছর আগের।
তিনি জানান, প্রায় ১৪ মাস আগে তিনি মিরসরাই সদর ইউনিয়ন ভূমি অফিসে যোগ দেন। ওই সময় বর্তমান ভূমি অফিস ভবনের নির্মাণকাজ চলছিল। তাই অস্থায়ীভাবে পৌর ভবনের পাশের কার্যালয়ে দাপ্তরিক কার্যক্রম পরিচালিত হচ্ছিল।
শামসুন্নাহার পাল্টা অভিযোগ করে জানান, ইকবাল হোসেন সানি নামের এক পরিচ্ছন্নতাকর্মী নামজারির কাজ করে দেওয়ার কথা বলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আদায় করতেন।
বিষয়টি জানার পর ইকবাল হোসেন সানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল বলে দাবি করেন এই কর্মকর্তা।
এদিকে ভিডিওটি ভাইরাল হওয়ার পর স্থানীয়রা এই ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন। সত্যতা প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
