বগালেক সড়কে গভীর খাদে পড়ে নিহত দুই পর্যটক


গাইড ছাড়া পাহাড়ি রাস্তায় মোটরসাইকেল চালাতে গিয়ে বান্দরবানের রুমা বগালেক সড়কে গভীর খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাত ১২টার দিকে রুমা বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মো. জামির উদ্দিন এবং রুপাইয়া আক্তার রুপা। জামির উদ্দিনের বয়স ৩০ বছর এবং রুপাইয়া আক্তারের বয়স ৩১ বছর।

নিহত জামির উদ্দিনের বাড়ি ভোলার চর বোরহানউদ্দিনে। অন্যদিকে রুপাইয়া আক্তারের বাড়ি ঢাকার গাজীপুরে। তবে তারা স্বামী-স্ত্রী কি না, তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও স্থানীয় ট্যুরিস্ট গাইডের সদস্যরা ঘটনাস্থলে যান। তারা গভীর খাদ থেকে দুজনের লাশ উদ্ধার করে রুমা হাসপাতালে নিয়ে আসেন।

বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার জানান, ওই পর্যটকরা স্থানীয় কোনো ট্যুরিস্ট গাইড ছাড়াই সেখানে বেড়াতে গিয়েছিলেন।

পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রাস্তার পাশের গভীর খাদ থেকে তাদের লাশ উদ্ধার করা হয় বলে জানান পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার।

দুর্ঘটনাটির কারণ তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।