পটিয়ায় মাদকের আস্তানা পুড়িয়ে কারবারিকে পুলিশে দিল জনতা


মাদকের কারবার নিয়ে দীর্ঘদিনের ক্ষোভ থেকে চট্টগ্রামের পটিয়া উপজেলায় একটি মাদকের আস্তানা পুড়িয়ে দিয়েছেন স্থানীয়রা।

এ সময় ১০ পিস ইয়াবাসহ মো. এস্কান্দর প্রকাশ (এস্ক) নামে এক মাদক কারবারিকে আটক করে পুলিশে সোপর্দ করে বিক্ষুব্ধ জনতা।

বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার জিরি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নিশ্চিন্তাপুর মহিরাখাইন গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিশ্চিন্তাপুর মহিরাখাইন এলাকায় একটি জরাজীর্ণ কক্ষে মাহমুদুল হকের নেতৃত্বে মাদকের আস্তানাটি গড়ে উঠেছিল। সেখানে দীর্ঘদিন ধরে মাদকের কারবার চলায় সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়।

কয়েকবার সতর্ক করার পরও তারা কারবার বন্ধ করেনি। বৃহস্পতিবার রাতে বিক্ষুব্ধ জনতা ওই আস্তানাটি ঘিরে ফেলে।

তখন মূল হোতা মাহমুদুল হক পালিয়ে যেতে সক্ষম হলেও এস্কান্দর ধরা পড়েন। এরপর জনতা আস্তানাটিতে আগুন ধরিয়ে দেয়।

আটক এস্কান্দরের কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধারের পাশাপাশি আস্তানাতেও আরও কিছু ইয়াবা পাওয়া যায়। খবর পেয়ে পটিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এস্কান্দরকে আটক করে থানায় নিয়ে যায়।

আটক এস্কান্দর জিরি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মালিয়ারা এলাকার মোহাম্মদ সেকান্দরের ছেলে।

এলাকায় মাদকের উৎপাত বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিল বলে জানান স্থানীয় বাসিন্দা মো. হালিম।

স্থানীয় বিএনপি নেতা ফোরকান ও ছাত্রদল নেতা লতিফ জানান, মাদকের কারবার বেড়ে যাওয়ায় সব দলের নেতাকর্মী ও স্থানীয়রা ঐক্যবদ্ধ হয়ে এই পদক্ষেপ নিয়েছেন।

তারা আস্তানা গুঁড়িয়ে দিয়ে এস্কান্দরকে পুলিশের হাতে তুলে দেন। একইসঙ্গে তারা এই চক্রের মূল হোতা মাহমুদুল হককে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

পটিয়া থানার উপ-পরিদর্শক বা এসআই কামাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এস্কান্দরকে আটক করেছে।

তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে বলেও তিনি উল্লেখ করেন।