
চট্টগ্রামের ফটিকছড়িতে পর্যাপ্ত খালি জায়গা থাকা সত্ত্বেও প্রায় ৫০০ বছরের পুরোনো একটি কবরস্থানের ওপর দিয়ে সড়ক সম্প্রসারণের চেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে এবং কবরস্থান রক্ষায় মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দা ও মুসল্লিরা।
শনিবার চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের পেলাগাজী দিঘীর মোড় এলাকায় এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে কাজি পেলাগাজি শাহ জামে মসজিদের খতিব মাওলানা জসিম উদ্দীন আল কাদেরী এবং স্থানীয় ইউপি সদস্য আতাউল হক মুন্সি বক্তব্য দেন।
এছাড়া মুক্তিযোদ্ধা শামশুল আলম, স্থানীয় ব্যবসায়ী সাইফুদ্দিন সুমন, নাঈম উদ্দীন এবং মোহাম্মদ ইমরান সেখানে বক্তব্য রাখেন। একইসঙ্গে আলাউদ্দীন মামুন, সরোয়ার, আলী হোসেন ও মোহাম্মদ মইন উদ্দীনও মানববন্ধনে নিজেদের দাবি তুলে ধরেন।
বক্তারা অভিযোগ করেন, প্রায় ৫০০ বছরের পুরোনো এই কবরস্থানে শতাধিক কবর রয়েছে। সড়ক ও জনপথ বা সওজ বিভাগ কবরস্থানের পাশ দিয়ে সড়ক প্রশস্ত করার উদ্যোগ নিয়েছে। অথচ ওই অংশে সওজের অধিগ্রহণ করা কোনো জমি নেই।
তাদের দাবি, সড়কের পূর্ব পাশে পর্যাপ্ত অধিগ্রহণ করা খালি জায়গা রয়েছে। তা সত্ত্বেও অজ্ঞাত কারণে পশ্চিম পাশে কবরস্থান ও পানি নিষ্কাশনের জায়গা ক্ষতিগ্রস্ত করে সড়ক সম্প্রসারণের চেষ্টা চলছে।
পশ্চিম পাশে সড়ক প্রশস্ত করা হলে শতবর্ষী কবরস্থান, পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং এলাকার ঐতিহ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে তারা জানান। তাই কবরস্থান রক্ষায় প্রয়োজন হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা কবরস্থান অক্ষুণ্ন রেখে সড়কের পূর্ব পাশ দিয়ে সম্প্রসারণ কাজ বাস্তবায়নের দাবি জানান এবং এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।
