
কক্সবাজারের চকরিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে চকরিয়া পৌরশহরে বিএনপি এবং এর সহযোগী সংগঠন উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল ও ছাত্রদল যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।
চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক ও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে। পরে মহাসড়কের চিরিঙ্গা থানা রাস্তার মাথা স্টেশন চত্বরে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয় নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা দাবি করেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া হয়েছে। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও গুমের শিকার হওয়া এই নেতার ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে বলে তারা অভিযোগ করেন।
অবিলম্বে এ ধরনের বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয় সমাবেশ থেকে। অন্যথায় রাজপথে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন উপস্থিত নেতারা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ জাকারিয়া, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুল হাসান জাস্টিস, শ্রমিক দলের সভাপতি নাছির উদ্দীন, কৃষক দলের আহ্বায়ক মহিউদ্দিন পুতু এবং ছাত্রদলের আহ্বায়ক রেজাউল করিম।
এছাড়া যুবদলের সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিনহাজ উদ্দিন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন লাল্টু, কৃষক দলের সদস্য সচিব আনোয়ারুল আজিম ও ছাত্রদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমানসহ হাজারো নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন।
অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে চকরিয়া উপজেলা সদরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি ছিল।
