সাতকানিয়ায় ত্রাণের কথা বলে স্কুলে নির্বাচনী মতবিনিময় সভা


চট্টগ্রামের সাতকানিয়ায় ত্রাণ বিতরণের কথা বলে একটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে নির্বাচনী মতবিনিময় সভা করার অভিযোগ উঠেছে।

ঢেমশা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে সম্ভাব্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী মোজাফফর হোসেন এই সভা করেন বলে জানা গেছে।

ত্রাণ বিতরণের কাজের কথা বলে শ্রেণিকক্ষের অনুমতি নেওয়া হলেও পরে সেখানে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। এই ঘটনায় অভিভাবক, স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলে সমালোচনার সৃষ্টি হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক দয়াল হরি মজুমদার জানান, মোজাফফর হোসেন ত্রাণ বিতরণসংক্রান্ত কাজের কথা বলে একটি কক্ষ ব্যবহারের অনুমতি নেন।

সরল বিশ্বাসে তিনি ক্লাসরুম খুলে দেন বলে জানান। তবে গত শুক্রবার বিকেলে ওই কক্ষে ত্রাণের পরিবর্তে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিষয়টি নিয়ে বিভিন্ন মহল থেকে তিনি প্রতিক্রিয়া পাচ্ছেন বলে উল্লেখ করেন।

মতবিনিময় সভাস্থলে টানানো ব্যানারেও এটি নির্বাচনী কার্যক্রমের অংশ হওয়ার ইঙ্গিত পাওয়া যায়।

ব্যানারের ওপরে ছোট অক্ষরে লেখা ছিল, “আপনাদের মূল্যবান মতামত, পরামর্শ ও সহযোগিতায় হবে একটি উন্নত, আধুনিক ও সমৃদ্ধ ঢেমশা ইউনিয়ন গঠনের অনুপ্রেরণা।”

মাঝখানে বড় অক্ষরে লেখা ছিল, “ঢেমশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা।”

ব্যানারের নিচে আয়োজক হিসেবে “মোজাফ্ফর হোসাইন সমর্থকবৃন্দ” এবং তাঁর পরিচয় “চেয়ারম্যান পদপ্রার্থী, ঢেমশা ইউনিয়ন পরিষদ” হিসেবে উল্লেখ করা হয়।

ঘটনার পর কয়েকজন অভিভাবক ও স্থানীয় বাসিন্দা শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষ রাজনৈতিক বা নির্বাচনী কর্মকাণ্ডে ব্যবহার না করার দাবি জানান। শিক্ষাপ্রতিষ্ঠানের নিরপেক্ষ পরিবেশ বজায় রাখতে এ ধরনের কার্যক্রম এড়িয়ে চলা উচিত বলে তারা মত দেন।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান জানান, স্কুলের ক্লাসরুম ব্যবহার করে নির্বাচনী মতবিনিময় সভা করার খবর তিনি পেয়েছেন। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

এই অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোজাফফর হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।