পটিয়ায় তোহা হত্যা: আসামিদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম


চট্টগ্রামের পটিয়ায় অ্যাডভোকেট ক্লার্ক অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মোহাম্মদ তোহা হত্যা মামলার আসামি গ্রেপ্তারের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে।

কলা চুরির প্রতিবাদ করায় তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সংগঠনের নেতারা।

রোববার সকাল ১০টায় পটিয়া আদালত গেট এলাকায় এক মানববন্ধন থেকে এই আল্টিমেটাম দেওয়া হয়। পটিয়া অ্যাডভোকেট ক্লার্ক অ্যাসোসিয়েশন এই মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা জানান, গত শুক্রবার গভীর রাতে পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোনাফ হাজীর নতুন বাড়ি এলাকায় কলা চুরির ঘটনা ঘটে।

এর প্রতিবাদ করায় মোহাম্মদ তোহাকে পিটিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। বক্তারা বলেন, মোহাম্মদ তোহা একজন নিরীহ মানুষ ছিলেন।

তার হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে মানববন্ধনে হুঁশিয়ারি দেওয়া হয়।

মানববন্ধনে বক্তব্য দেন পটিয়া অ্যাডভোকেট ক্লার্ক অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম মোস্তফা এবং সহ-সভাপতি মোহাম্মদ সিরাজ।

এছাড়া সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ, মো. এখরাম, মো. মোজাফফর ও মো. আইযুব মানববন্ধনে বক্তব্য রাখেন।

পাশাপাশি বিধান আচার্য, মিন্টু চক্রবর্তী এবং মো. হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতারা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন।