লোহাগাড়ায় জানালার গ্রিল কেটে মসজিদে চুরি


চট্টগ্রামের লোহাগাড়ায় জানালার লোহার গ্রিল কেটে একটি মসজিদে চুরির ঘটনা ঘটেছে।

দুর্বৃত্তরা মসজিদে প্রবেশ করে একটি আইপিএসের ব্যাটারি এবং দানবাক্স ভেঙে নগদ টাকা চুরি করে নিয়ে গেছে।

সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাট এলাকার শাহী দরবেশিয়া জামে মসজিদে এই ঘটনা ঘটে।

মঙ্গলবার সকালে মুসল্লিরা মসজিদে এসে দানবাক্স ভাঙা এবং আইপিএসের ব্যাটারি না দেখে বিষয়টি জানতে পারেন।

পরে মসজিদ কর্তৃপক্ষ ঘটনাটি স্থানীয়দের অবহিত করেন বলে জানা গেছে।

মসজিদ কমিটির নুরুল আলম জানান, দুর্বৃত্তরা জানালার লোহার গ্রিল কেটে মসজিদের ভেতরে প্রবেশ করে।

এরপর তারা আইপিএসের ব্যাটারি খুলে নিয়ে যায় এবং দানবাক্স ভেঙে ভেতরে থাকা নগদ টাকা চুরি করে পালিয়ে যায়।

বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হবে বলে নুরুল আলম উল্লেখ করেন।

লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার নুর উদ্দিন জানান, এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সেকেন্ড অফিসার নুর উদ্দিন নিশ্চিত করেছেন।