
ব্যাংকিং, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও ই-কমার্সে ডিজিটাল প্রযুক্তির প্রসারের সঙ্গে সাইবার হামলার ঝুঁকি বেড়েছে। নাগরিক ও রাষ্ট্রের মধ্যে আস্থা তৈরি এবং সাইবার অপরাধের সহজ সমাধানের লক্ষ্যে দেশে চালু হয়েছে সাইবার ইনসিডেন্ট রিপোর্টিং সিস্টেম বা সিআইআরএস।
মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগে আয়োজিত এক অনুষ্ঠানে সিআইআরএস প্ল্যাটফর্মটি উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী।
আইসিটি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঞা এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ফকির মাহবুব আনাম জানান, সাইবার ইনসিডেন্ট রিপোর্টিং সিস্টেম চালুর মাধ্যমে সাধারণ নাগরিক থেকে শুরু করে প্রতিষ্ঠান সবাই সহজে ও দ্রুত সাইবার ঘটনার অভিযোগ জানাতে পারবেন। এটি শুধু অভিযোগ গ্রহণের একটি প্ল্যাটফর্ম নয়, বরং নাগরিক ও রাষ্ট্রের মধ্যে আস্থা তৈরির একটি উদ্যোগ বলেও তিনি উল্লেখ করেন।
আইসিটি বিভাগের কর্মকর্তারা জানান, সাইবার প্রতারণা, ফেসবুক আইডি হ্যাক, অনলাইন হয়রানি, ব্যক্তিগত তথ্য ফাঁস বা ভুয়া তথ্য ছড়ানোর মতো ঘটনায় এখন থেকে এই কেন্দ্রীয় প্ল্যাটফর্মে অভিযোগ জানানো যাবে।
জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির বা এনসিএসএ অধীন চালু হওয়া এই ওয়েবসাইটে গিয়ে ব্যক্তি, প্রতিষ্ঠান বা অনুমোদিত ব্যবহারকারীরা অভিযোগ দায়ের করতে পারবেন।
অভিযোগ জমা দেওয়ার পর সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে একটি ইউনিক কমপ্লেইন্ট আইডি তৈরি করবে। এই নম্বর ব্যবহার করে অভিযোগকারী পরবর্তী সময়ে নিজের অভিযোগের অগ্রগতি জানতে পারবেন।
রিপোর্ট পাওয়ার পর প্রথমে উপজেলা পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সেটি যাচাই করবেন। উপজেলা পর্যায়ে সমাধান সম্ভব না হলে অভিযোগটি জেলা পর্যায়ে পাঠানো হবে।
তবে জটিল বা জাতীয় গুরুত্বসম্পন্ন কোনো ঘটনা সরাসরি জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সিতে পাঠানো হবে। সেখানে প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পরিকল্পনা অনুযায়ী, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা বা এনএসআই, বিটিআরসি এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা নির্ধারিত মাত্রার অ্যাকসেসের মাধ্যমে সিস্টেমের সারসংক্ষেপ ও পরিসংখ্যান দেখতে পারবে। এতে জাতীয় পর্যায়ে সাইবার নিরাপত্তা তদারকি আরও সহজ হবে।
একই অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের তথ্যপ্রযুক্তি ও সাইবার নিরাপত্তাসক্ষমতা মূল্যায়নের জন্য ন্যাশনাল রেটিং সিস্টেম বা এনআরএস উদ্বোধন করা হয়েছে।
এই ব্যবস্থায় ৪টি প্রধান স্তম্ভ ও ১৩১টি মূল্যায়ন সূচকের ভিত্তিতে প্রতিষ্ঠানগুলোকে এ থেকে ই পর্যন্ত গ্রেড দেওয়া হবে। এর মাধ্যমে তথ্যপ্রযুক্তি ব্যবস্থাপনা, অবকাঠামো, সাইবার নিরাপত্তা, তথ্য সুরক্ষা ও ডিজিটাল সেবার সক্ষমতা মূল্যায়ন করা হবে।
