
স্টিয়ারিং বিকল হয়ে চট্টগ্রাম বন্দরের প্রবেশমুখে কর্ণফুলী নদীর মোহনায় আটকে যাওয়া কনটেইনারবাহী জাহাজটি দীর্ঘ ১২ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
গতকাল সোমবার দিবাগত রাত দুইটার দিকে বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্টগার্ডের সহযোগিতায় বন্দরের নিজস্ব জনবল দিয়ে জাহাজটি উদ্ধার করে সাগরে সরিয়ে নেওয়া হয়।
উদ্ধার করা মাল্টার পতাকাবাহী এই জাহাজের নাম এমভি সিএনসি ইউরেনাস। জাহাজটিতে আমদানি পণ্যের এক হাজার ২৮২টি কনটেইনার এবং ২৪ জন নাবিক রয়েছেন। এর স্থানীয় এজেন্ট হিসেবে কাজ করছে এপিএল বাংলাদেশ।
গতকাল সোমবার বেলা সোয়া দুইটার দিকে সাগর থেকে চট্টগ্রাম বন্দরের জেটিতে যাওয়ার সময় স্টিয়ারিং বিকল হয়ে মোহনার এক পাশে আটকে যায় জাহাজটি।
এ পরিস্থিতিতে দুর্ঘটনাস্থলে দ্রুত মোতায়েন করা হয় বন্দরের জ্যেষ্ঠ পাইলট এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের টাগবোট কান্ডারী-২, কান্ডারী-৪, কান্ডারী-৬ ও কান্ডারী-১১।
একইসঙ্গে বাংলাদেশ নৌবাহিনীর টাগবোট শিবসা, টানেল টাগবোট এবং বাংলাদেশ কোস্ট গার্ডের টাগবোট প্রমত্ত উদ্ধারকাজে অংশ নেয়।
বন্দরে জাহাজ চলাচলের মূল পথে কোনো জাহাজ ডুবে গেলে বন্দর অচল হয়ে যাওয়ার শঙ্কা দেখা দেয়। এ কারণে জাহাজটি আটকে যাওয়ার পর নিরাপদে সরিয়ে নিতে তাৎক্ষণিকভাবে কাজ শুরু করে বন্দর কর্তৃপক্ষ।
জাহাজটি নিরাপদে সরিয়ে নেওয়ার ফলে বন্দরে জাহাজ চলাচলের পথ বর্তমানে সম্পূর্ণ বিপদমুক্ত হয়েছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, উদ্ধারকারী দল চরম ঝুঁকি সত্ত্বেও অসাধারণ দক্ষতা ও যৌথ সমন্বয় প্রদর্শনের মাধ্যমে রাতভর নিরবচ্ছিন্নভাবে কাজ চালিয়ে জাহাজটি উদ্ধার করেন।
জাহাজটি বর্তমানে নিরাপদে বন্দরের বহির্নোঙর এলাকায় নোঙর করে রাখা হয়েছে। প্রয়োজনীয় কাজ শেষে জাহাজটি আবার জেটিতে ভেড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
