- ইয়াবা আটকের পর উৎসুক জনতার ভিড়
কক্সবাজার থেকে চট্টগ্রাম শহরে প্রবেশের আগে রুট পাল্টে বিকল্প পথ ব্যবহারের সময় এক লাখ ইয়াবাসহ একটি মোটরসাইকেল গ্যাংয়ের ছয় সদস্যকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে চট্টগ্রামের পটিয়া পৌরসভার ডাকবাংলো এলাকা থেকে তাদের আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব-৭।
এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত গ্যাংটির পাঁচটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
র্যাব-৭ সূত্রে জানা যায়, ইয়াবা পরিবহনকারী ওই মোটরসাইকেল গ্যাংটি কক্সবাজার থেকে চট্টগ্রাম শহরের দিকে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে যে, তারা পটিয়া বাইপাস সড়ক এড়িয়ে ভেতরের সড়ক দিয়ে চলাচল শুরু করেছে।
এই গতিবিধি গোয়েন্দা তথ্যের সঙ্গে মিলে গেলে পটিয়া পৌরসভার ডাকবাংলো এলাকায় মোটরসাইকেলগুলো থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে তাদের কাছ থেকে আনুমানিক এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তাৎক্ষণিকভাবে আটক ছয়জনের নাম-পরিচয় জানা যায়নি।
অভিযানের বিষয়ে দুপুরে প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে বলে র্যাব-৭ এর পক্ষ থেকে জানানো হয়েছে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে এক লাখ পিস ইয়াবাসহ পাঁচটি মোটরসাইকেল জব্দ এবং ছয়জনকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে এই কর্মকর্তা উল্লেখ করেন।

