
ঐতিহাসিক ৫ আগস্ট গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনের আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নাজমুল মোস্তফা আমিন।
বৃহস্পতিবার চট্টগ্রামের লোহাগাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক বিজয় র্যালিতে তিনি এই আহ্বান জানান।
বিকেল ৪টায় লোহাগাড়া থানা এলাকা থেকে এই র্যালিটি শুরু হয়।
এরপর আমিরাবাদ স্টেশনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচিটি শেষ হয়।
সমাবেশে নাজমুল মোস্তফা আমিন বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থান দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের একটি স্মরণীয় মাইলফলক।
এই ঐতিহাসিক আন্দোলনের চেতনাকে ধারণ করে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে তিনি মন্তব্য করেন।
জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি সব সময় গণমানুষের পাশে রয়েছে এবং থাকবে বলে তিনি উল্লেখ করেন।
দেশের উন্নয়ন, শান্তি, সম্প্রীতি এবং গণতান্ত্রিক মূল্যবোধ সুসংহত করতে দলীয় নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রেখে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার নির্দেশ দেন তিনি।
বিজয় র্যালি উপলক্ষে লোহাগাড়া উপজেলার নয় ইউনিয়নের নেতাকর্মীরা দুপুর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে থানা এলাকায় জড়ো হন এবং বিকেলে সেখানে নেতাকর্মীদের ঢল নামে।
র্যালিতে জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দল, মুক্তিযোদ্ধা দল, ওলামা দল, মৎস্যজীবী দল, তাঁতী দল ও জাসাসের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আবু সেলিম চৌধুরীর সঞ্চালনায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাস্টার শাহেদুল আনোয়ার চৌধুরী ও শাহ আলম চৌধুরী।
দক্ষিণ জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মুজিবুর রহমান এতে অংশ নেন।
বড়হাতিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মামুনুর রাশিদ চৌধুরী, পদুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিকুল আলম কোম্পানি, আমিরাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম এবং লোহাগাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম সেখানে উপস্থিত ছিলেন।
এছাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য অ্যাডভোকেট শফিকুল ইসলাম লিটন, অ্যাডভোকেট এহেছানুল হক এবং অ্যাডভোকেট বেলাল উদ্দিন চৌধুরী কর্মসূচিতে অংশ নেন।
দক্ষিণ জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আরফাত হোসেন, উপজেলা যুবদল নেতা তাজউদ্দীন আল নাজির, গিয়াস উদ্দিন চৌধুরী, মুর্শেদুল আলম, আবু তালেব রুবেল, রবিউল হোসেন এবং ডা. শাহ আলম র্যালিতে উপস্থিত ছিলেন।
জেলা স্বেচ্ছাসেবক দল নেতা সোয়েবুল ইসলাম ও সোহেল মাহমুদ তুষার এবং উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুল হকসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
