রাঙ্গুনিয়ায় বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর


চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় দূরপাল্লার বাসের চাপায় ডান পা বিচ্ছিন্ন হয়ে মো. রাসেল নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের কাটাখালী তক্তারপুল এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

২৩ বছর বয়সী রাসেল রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লেমুছড়ি পাড়ার বর্তমান ইউপি সদস্য শেখ মোহাম্মদ নাছেরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাসেল মোটরসাইকেল চালিয়ে চট্টগ্রাম শহর থেকে নিজের বাড়িতে ফিরছিলেন।

পথে কাটাখালী তক্তারপুল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা লাল-সবুজ পরিবহনের একটি দূরপাল্লার বাস প্রথমে একটি ভ্যানগাড়িকে ধাক্কা দেয়।

এরপর ওই ভ্যানের পেছনে থাকা রাসেলের মোটরসাইকেলটিকেও বাসটি সজোরে চাপা দেয়।

এতে তিনি গুরুতর আহত হন এবং দুর্ঘটনার তীব্রতায় তার ডান পা উরু থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।

এ সময় হাটহাজারী এলাকার সিএনজি অটোরিকশাচালক বাদশা এবং চন্দ্রঘোনা বুইজ্জার দোকান এলাকার নেছারুলসহ স্থানীয়রা তাকে উদ্ধার করেন।

তাঁরা রাসেলকে ইছাখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা আব্দুল বারেক জানান, শহর থেকে বাড়ি ফেরার পথেই রাসেল এই দুর্ঘটনার শিকার হন।

এক ভাই ও এক বোনের মধ্যে রাসেলের মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি জহির উদ্দিন জানিয়েছেন, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে তিনি নিশ্চিত করেছেন।