
জলাবদ্ধতামুক্ত, আধুনিক ও পরিকল্পিত চট্টগ্রাম গড়ে তুলতে সাংবাদিকদের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বা সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন।
বুধবার টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (টিসিজেএ) চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।
সাংবাদিকতায় মাসব্যাপী ‘বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালার’ সনদ বিতরণ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, নগর উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, আবাসন সমস্যা সমাধান এবং চলমান উন্নয়ন প্রকল্প সফল করতে সরকারি সংস্থার পাশাপাশি গণমাধ্যমেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তিনি উল্লেখ করেন, চট্টগ্রাম দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ নগরী।
এই নগরীর উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণ এবং দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা সমাধানে সিডিএ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে বলে তিনি জানান।
এসব প্রকল্পের সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে এবং বাস্তব চিত্র তুলে ধরতে সাংবাদিকদের সহযোগিতার প্রয়োজন রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
সমালোচনা অবশ্যই থাকতে পারে উল্লেখ করে সিডিএ চেয়ারম্যান বলেন, তবে তা হতে হবে তথ্যনির্ভর ও জনস্বার্থে।
উন্নয়ন প্রকল্পের ভালো দিকের পাশাপাশি সমস্যা ও সীমাবদ্ধতা বস্তুনিষ্ঠভাবে তুলে ধরলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এতে উন্নয়ন কার্যক্রম আরও স্বচ্ছ ও গতিশীল হবে বলে তিনি মনে করেন।
পেশাগত দক্ষতা বাড়াতে নিয়মিত প্রশিক্ষণের কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির আহ্বান জানান।
পাশাপাশি বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে ভূমিকা রাখার তাগিদ দেন তিনি।
টিসিজেএ চট্টগ্রামের সভাপতি এনামুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশরাফুল আলম চৌধুরী মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি।
এ সময় টিসিজেএর সহসভাপতি সনজীব দে বাবু, সহসাধারণ সম্পাদক বাসু দেব এবং সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বক্তব্য রাখেন।
সাবেক সহসভাপতি আলী আকবর এবং সদস্য সুমন গোস্বামীও অনুষ্ঠানে বক্তব্য দেন।
অনুষ্ঠানে টিসিজেএর দপ্তর সম্পাদক সাইমুন আল মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নাজিম উদ্দিন এবং নির্বাহী সদস্য রবিউল ইসলাম টিপু উপস্থিত ছিলেন।
এছাড়া নির্বাহী সদস্য মো. জহিরুল ইসলাম ও নাজিম উদ্দনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে প্রশিক্ষণ কর্মশালায় সফলভাবে অংশ নেওয়া টেলিভিশন চিত্র সাংবাদিকদের মাঝে সনদ বিতরণ করা হয়।
