ফটিকছড়ির এমপি সরোয়ার আলমগীরের মায়ের ইন্তেকাল, জানাজা রাতে


চট্টগ্রাম-২ (ফটিকছড়ি ও ফটিকছড়ি উত্তর) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের মা খাদিজা বেগম ইন্তেকাল করেছেন।

শনিবার দুপুরে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।

খাদিজা বেগম মরহুম নুর আহমদ ইঞ্জিনিয়ারের স্ত্রী ছিলেন।

তিনি ওই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে বা আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন বলে জানা গেছে।

মৃত্যুকালে তিনি চার ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

শনিবার রাত ৯টায় খাদিজা বেগমের পূর্ব ফরহাদাবাদস্থ বাড়িতে তাঁর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

খাদিজা বেগমের মৃত্যুতে সরকারের বিভিন্ন মন্ত্রী, সংসদ সদস্য, মেয়র এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা গভীর শোক প্রকাশ করেছেন।

এছাড়া কেন্দ্রীয় বিএনপি থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা এবং ফটিকছড়ির সর্বস্তরের মানুষ তাঁর মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন।

শোকবার্তায় তাঁরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।