রাঙ্গুনিয়ায় পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের নিরাপদ স্থানে থাকার আহ্বান


পাহাড়ে বসতি স্থাপন করলেও ঝুঁকি এড়াতে স্থানীয়দের নিরাপদ স্থানে থাকার আহ্বান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তারা।

শনিবার চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় সাম্প্রতিক পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ইছাখালি আদর্শ গ্রাম এলাকা পরিদর্শনের সময় তারা এই আহ্বান জানান।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপসচিব কাজী মো. বদরুজ্জামান জানান, পাহাড়ে বসতি হলেও স্থানীয়দের সবসময় নিরাপদ দিকে বা সেইফ সাইডে থাকতে হবে।

ঝুঁকিপূর্ণ স্থানে বসবাস না করে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য তিনি স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানান।

পরিদর্শনকালে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রতিনিধি দলটি ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে বর্তমান পরিস্থিতির খোঁজ নেন।

এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

পরিদর্শনকারী দলে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপপরিচালক ত্রাণ-২ ও উপসচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলী খান এবং কমিউনিকেশন মিডিয়া স্পেশালিস্ট সৈয়দ আশরাফ উল ইসলাম উপস্থিত ছিলেন।

এছাড়া রাঙ্গুনিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি দেবব্রত দাশ এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তর্পণ দেওয়ান সেখানে উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে স্থানীয় বিএনপি নেতা হেলাল উদ্দিন শাহ এবং কারিতাস বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা তাদের সঙ্গে ছিলেন।

প্রতিনিধি দলের সদস্যরা পাহাড়ধসের কারণ, ক্ষতিগ্রস্তদের বর্তমান পরিস্থিতি এবং দুর্যোগ মোকাবিলায় স্থানীয় স্বেচ্ছাসেবকদের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।

ভবিষ্যতে পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়েও তারা সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।

চট্টগ্রাম ও বান্দরবানের সাম্প্রতিক ভূমিধস ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের অংশ হিসেবে রাঙ্গুনিয়ার ইছাখালি এলাকায় এই পরিদর্শন করা হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন।