শিক্ষাব্যবস্থা ধ্বংস করে দেশের মেরুদণ্ড ভাঙার চেষ্টা হয়েছিল: এমপি এনাম


বিগত সরকার শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দেশের মেরুদণ্ড ভেঙে দিতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম।

শনিবার দুপুরে পটিয়া উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক আলোচনা ও সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

পটিয়া উপজেলা সহকারী শিক্ষক সমিতি এই অনুষ্ঠানের আয়োজন করে।

সংসদ সদস্য এনামুল হক এনাম বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে জনগণ একটি স্বাধীন রাষ্ট্র ও নির্বাচিত সরকার পেয়েছে।

বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাব্যবস্থাকে সুসংগঠিত করতে কাজ করছেন বলে তিনি উল্লেখ করেন।

শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে সরকার গুরুত্ব দিয়েছে জানিয়ে শিক্ষার্থীদের সঠিকভাবে পাঠদানে শিক্ষকদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি মাহমুদুল হক।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সহকারী শিক্ষিকা মৌসুমি দেব, বনশ্রী বড়ুয়া, ফয়জুন্নেসা মিলি এবং রেহেনা আক্তার।

আলোচনা সভার উদ্বোধন করেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা ফিরোজ আহমেদ, বিদায়ী উপজেলা শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ কর্মকার এবং সহকারী শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার ধর।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পটিয়া থানার ওসি জিয়াউল হক, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, পটিয়া ক্লাবের সদস্য সচিব মোজাম্মেল হক এবং জেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম।

এছাড়া উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মঈনুল আলম ছোটন, জেলা বিএনপি নেতা মোরশেদ শফি হিরু, বিএনপি নেতা মোজাম্মেল হক ও মাহবুবুর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব অহিদুল আলম চৌধুরী পিবলু এবং জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম নয়ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অবসরপ্রাপ্ত শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষক, গুণী শিক্ষক এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরাও এই আয়োজনে অংশ নেন।

অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষক ও কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি এনামুল হক এনাম।

আলোচনা সভা শেষে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।