
কক্সবাজারের চকরিয়ায় রাতের আঁধারে প্রবাল এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার পর চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চকরিয়া উপজেলার উত্তর হারবাং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নয়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে আসা প্রবাল এক্সপ্রেস ট্রেনটি শনিবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে সাহারবিল রেলওয়ে স্টেশন অতিক্রম করে।
এর আগে হারবাং রেল স্টেশন থেকে আসার পথেই ওই নারী ট্রেনের নিচে কাটা পড়েন বলে ধারণা করা হচ্ছে।
হারবাং ইউনিয়ন বিএনপি নেতা রুবেল সিকদার জানান, ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যুর খবর শুনে তিনি দ্রুত ঘটনাস্থলে যান।
সেখানে গিয়ে রেললাইনের ওপর এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন বলে তিনি জানান।
মরদেহের অবস্থা দেখে ট্রেনে কাটা পড়েই ওই নারীর মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা ধারণা করছেন।
ট্রেনের আঘাতে মুখমণ্ডল থেঁতলে যাওয়ায় এখন পর্যন্ত ওই নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি বলে রুবেল সিকদার উল্লেখ করেন।
চকরিয়া উপজেলার সাহারবিল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. ফরহাদ চৌধুরী জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস সাড়ে সাতটার পর তাদের স্টেশন অতিক্রম করে।
স্টেশনে পৌঁছানোর আগেই পথিমধ্যে এই দুর্ঘটনা ঘটেছে বলে তিনি ধারণা করছেন।
ইতোমধ্যে বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে এবং তারা এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করবে বলে এই স্টেশন মাস্টার নিশ্চিত করেছেন।
